আগামী জুলাইয়ে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে, জানাল ইরান

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের দিনক্ষণ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে একাধিক শহরে জানাজার আয়োজনের পর তাঁকে মাশহাদের ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে সমাহিত করা হবে।

সরকারি সূত্র অনুযায়ী, ৩ ও ৪ জুলাই রাজধানী তেহরানে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৫ জুলাই তেহরানে প্রথম জানাজা এবং ৬ জুলাই কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষে ৯ জুলাই মাশহাদে তৃতীয় জানাজা শেষে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারের কাছে তাঁকে দাফন করা হবে।

শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ইমাম রেজা (আ.) হযরত আলী (আ.) ও বিবি ফাতেমা (আ.)-এর বংশধর এবং শিয়া মতবাদের অন্যতম প্রধান ইমাম হিসেবে পরিচিত।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। সে সময় তিনি নিজের বাসভবনে অবস্থান করছিলেন। ওই হামলায় তাঁর স্ত্রীসহ পরিবারের আরও কয়েকজন সদস্য প্রাণ হারান। তবে তাঁর দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি প্রাণে বেঁচে যান।
পরবর্তীতে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেয়।

Exit mobile version