প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুধু বিতর্কের আহ্বানই নয়, আত্মবিশ্বাসের সঙ্গে তাঁর দাবি, মোদি যদি তাঁর সঙ্গে একের বিরুদ্ধে এক বিতর্কে মুখোমুখি হন, তাহলে আর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না।
শুক্রবার ইনস্টাগ্রামে একটি ‘আস্ক মি’ পর্বে অংশ নিয়ে এই মন্তব্য করেন রাহুল গান্ধী। কেন সংসদের পরিবর্তে প্রকাশ্য মঞ্চে বিতর্কের দাবি জানাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, সংসদে তাঁকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দেওয়া হয় না। এমনকী, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখতে গেলেও তাঁর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
রাহুলের অভিযোগ, কৃষি আইন, ভোট চুরি, এসআইআর, চিনের সঙ্গে সম্পর্ক, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল নারাভানের বই এবং এপস্টিন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সংসদে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। তাঁর কথায়, তিনি দীর্ঘ বক্তৃতা নয়, বরং সরাসরি মুখোমুখি বিতর্ক চান। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলবেন এবং তিনিও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নিজের বক্তব্য তুলে ধরবেন। মাঝখানে থাকবে একটি টেবিল, একদিকে বসবেন মোদি, অন্যদিকে তিনি নিজে।
বিতর্কের বিচারক কে হবেন, তা নিয়েও কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন রাহুল। তাঁর প্রস্তাব, শিল্পপতি গৌতম আদানি কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতকেও বিচারকের দায়িত্ব দেওয়া যেতে পারে। এরপরই আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, “আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার সঙ্গে একের বিরুদ্ধে এক বিতর্কে বসলে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকবেন না।”



