রাজ্যের শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা করল ওড়িশার বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ঘোষণা করেছেন, এবার থেকে রাজ্যে কেজি থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবে। বিজেপি সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে শুক্রবার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে যাতে কোনও পড়ুয়াকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হতে না হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর কথায়, শিক্ষাকে সর্বজনীন ও সবার নাগালের মধ্যে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীরা এই প্রকল্পের মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবে।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে মোহনচরণ মাঝি বলেন, প্রতিটি শিশুরই মানসম্মত শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। সমাজের প্রতিটি স্তরে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।
বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে তিনি আরও বলেন, শিশুদের হাতে শ্রমের বোঝা নয়, বই ও শিক্ষার আলো তুলে দেওয়া প্রয়োজন। অভাবের কারণে যেসব শিশু শিক্ষার সুযোগ থেকে দূরে সরে যাচ্ছে, তাদের মূলস্রোতে ফিরিয়ে আনার দায়িত্ব সমাজ ও সরকারের। তিনি সকলকে শিশুদের শিক্ষা, সুরক্ষা এবং উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।
এদিন বিজেপি সরকারের দুই বছরের কাজের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ওড়িশায় সুশাসনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। নারী ক্ষমতায়ন, কৃষকদের কল্যাণ, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও তিনি দাবি করেন।
সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, জনগণের আস্থা ও প্রত্যাশাকে সামনে রেখেই উন্নত ও সমৃদ্ধ ওড়িশা গড়ার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
