রাজনৈতিক মঞ্চে বিজেপির বিরুদ্ধে নিয়মিত সরব হলেও দলের এক নেতার প্রতি নিজের বিশেষ পছন্দের কথা প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর ‘প্রিয় বিজেপি নেতা’ হিসেবে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নাম উল্লেখ করেছেন তিনি। শুধু রাজনৈতিক পরিচয় নয়, অমরিন্দরের সঙ্গে গান্ধী পরিবারের দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের কথাও তুলে ধরেছেন রাহুল।জেন জি-র তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ নামে একটি প্রশ্নোত্তর পর্ব শুরু করেছেন রাহুল। সেখানেই এক প্রশ্নের উত্তরে তাঁকে জিজ্ঞেস করা হয়, বিজেপির কোন নেতাকে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন। উত্তরে রাহুল বলেন, “আমি ওঁর সঙ্গে খুব ভালোভাবে মিশি। উনি দারুণ মানুষ। সামরিক ইতিহাস সম্পর্কে ওঁর অসাধারণ জ্ঞান রয়েছে। হ্যালো, আঙ্কেল!”রাহুলের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর আলোচনা। পালটা প্রতিক্রিয়ায় অমরিন্দর সিংও রাহুলের প্রশংসাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, রাহুল তাঁর সম্পর্কে ভালো কথা বলেছেন, বিষয়টি তাঁর ভালো লেগেছে।অমরিন্দর জানান, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে তিনি তাঁদের ছোটবেলা থেকেই চেনেন। তাঁদের বাবা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিলেন তাঁর সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু। তাঁর কথায়, ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে রাজনৈতিক অবস্থানকে আলাদা করে দেখা উচিত। গান্ধী পরিবারের সঙ্গে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে। তবে রাজনৈতিকভাবে তিনি বিজেপির প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ।অমরিন্দরের এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। পাঞ্জাব বিজেপির মুখপাত্র প্রীতপাল সিং বালিয়াওয়াল দাবি করেন, পাঞ্জাবে কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল তীব্র হওয়ার কারণেই রাহুল এখন অমরিন্দর সিংয়ের কথা স্মরণ করছেন।২০২১ সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রসঙ্গ তুলে বিজেপি নেতা বলেন, সেই সময় অমরিন্দরকে তাঁর প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। এমনকি রাহুল তখন তাঁকে ‘কুল’, ‘নেতা’ বা ‘আঙ্কল’ হিসেবে দেখেননি বলেও কটাক্ষ করেন তিনি।অন্যদিকে কংগ্রেস নেতা রানা গুরজিৎ সিংয়ের বক্তব্য, অমরিন্দর সিং কংগ্রেস না ছাড়লে দলের অভিভাবকের ভূমিকা পালন করতে পারতেন।উল্লেখ্য, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে অমরিন্দর সিংয়ের নেতৃত্বেই পাঞ্জাবে বড় জয় পেয়েছিল কংগ্রেস। কিন্তু দলীয় কোন্দলের জেরে ২০২১ সালে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পাশাপাশি কংগ্রেস থেকেও বেরিয়ে যান তিনি। এরপর গঠন করেন পাঞ্জাব লোক কংগ্রেস। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে দলটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর বিজেপির সঙ্গে একীভূত হয়ে যায়।রাজনৈতিক মতাদর্শে দূরত্ব থাকলেও ব্যক্তিগত সম্পর্কের জায়গা যে আলাদা—রাহুল ও অমরিন্দরের সাম্প্রতিক কথোপকথনে সেই বার্তাই আরও একবার সামনে এল।
রাজনীতির ময়দানে বিরোধী, তবে ‘প্রিয় বিজেপি নেতা’ অমরিন্দর! রাহুলের মুখে প্রশংসা, পালটা বললেন ক্যাপ্টেন

- Categories: দেশ
- Tags: Top NewsCaptain Amrinder SinghRahul Gandhi
Related Content
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তান, মহারাষ্ট্রে ফুলে সাজানো রথে রাজকীয় বরণ
By
টিডিএন বাংলা
September 3, 2026
ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামি ব্যক্তিগত আইন রক্ষার দাবিতে দেশব্যাপী গণআন্দোলনের ডাক মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের
By
টিডিএন বাংলা
September 2, 2026
সুপ্রিম কোর্টে স্বস্তি আন্দোলনকারীদের, এফআইআর বাতিলের পর ৫ সেপ্টেম্বরের মিছিল প্রত্যাহার ককরোচ জনতা পার্টির
By
টিডিএন বাংলা
September 2, 2026