ট্রেন দেরিতে আসায় পাটলিপুত্র স্টেশনে বিক্ষোভ, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে উত্তপ্ত পরিস্থিতি

বিহার পুলিশে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ভোরের ট্রেন ধরার জন্য শনিবার রাত থেকেই পাটলিপুত্র স্টেশনে জড়ো হয়েছিলেন কয়েকশ পরীক্ষার্থী। কিন্তু নির্ধারিত সময়ে ট্রেন না পৌঁছনোয় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। রবিবার ভোরে বিক্ষোভ ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পাটলিপুত্র স্টেশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেলও।

জানা গিয়েছে, পরীক্ষার্থীদের একটি বড় অংশকে সকালে নির্দিষ্ট কেন্দ্রগুলিতে পৌঁছতে হতো। সেই কারণে তাঁরা আগেভাগেই স্টেশনে চলে আসেন। কিন্তু ট্রেন বিলম্বিত হওয়ায় বহু পরীক্ষার্থী রেললাইনে নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁদের একাংশ অতিরিক্ত বিশেষ ট্রেন চালুর দাবিও তোলেন। অল্প সময়ের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা স্টেশন চত্বরে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ পুলিশের দিকে পাথর ছুড়তে শুরু করে এবং কয়েকটি ট্রেনে ভাঙচুর চালানো হয়। হামলায় কয়েক জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এরপর পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে এবং অবরোধ তুলে দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। কিছুক্ষণের মধ্যেই স্টেশন এলাকা খালি করা হয়।

পাটনার জেলাশাসক ড. ত্যাগরাজন জানান, পরীক্ষার্থীদের জন্য আগে থেকেই দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। তা সত্ত্বেও কিছু ব্যক্তি নতুন ট্রেনের দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং সাধারণ যাত্রীদের যাতায়াতেও বাধা দেন। পরে পরিস্থিতি সামাল দিতে আরও একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়।
তবে রেল কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত ট্রেন চালুর পরেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। কয়েক জন অসামাজিক উপাদান বারবার জরুরি চেইন টেনে ট্রেন থামিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপরই পুলিশ কঠোর পদক্ষেপ নেয়।
বিক্ষোভের জেরে বেশ কয়েকটি লোকাল ও দূরপাল্লার ট্রেন সাময়িকভাবে আটকে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ট্রেনগুলি গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

স্টেশনে ভাঙচুর ও হামলার পিছনে শুধুমাত্র ক্ষুব্ধ পরীক্ষার্থীরাই ছিলেন, নাকি অন্য কোনও শক্তি নেপথ্যে কাজ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই স্টেশনের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য ভিডিও পরীক্ষা করে দেখা শুরু হয়েছে।

Exit mobile version