লাদাখের সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের দীর্ঘ অনশনকে ঘিরে উদ্বেগ আরও বেড়েছে। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ একাধিক দাবিতে যন্তর মন্তরে তাঁর আমরণ অনশন বুধবার ১৮তম দিনে পৌঁছেছে। এদিকে তাঁর শারীরিক অবস্থার অবনতির দাবি তুলে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আবেদনে প্রয়োজন হলে তাঁকে হাসপাতালে ভর্তি করে ‘ফোর্স-ফিডিং’-এর মাধ্যমে জীবন রক্ষার আবেদন জানানো হয়েছে।
আইনজীবী ও সমাজকর্মী রাকেশ কুমার সাইনি দায়ের করা আবেদনে দাবি করেছেন, অনশন শুরুর পর থেকে সোনম ওয়াংচুকের ওজন প্রায় ৮.৫ কেজি কমেছে এবং তাঁর রক্তচাপ নেমে এসেছে ১০৯/৭০-এ। চিকিৎসকদের পর্যবেক্ষণের ভিত্তিতে আবেদনকারীর আশঙ্কা, দ্রুত চিকিৎসা না হলে আগামী কয়েক দিনের মধ্যেই তাঁর জীবন সংকটে পড়তে পারে।
‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্রের জনপ্রিয় চরিত্র ‘ফুংসুখ ওয়াংড়ু’-এর অনুপ্রেরণা হিসেবে পরিচিত সোনম ওয়াংচুক অবশ্য নিজের অবস্থান থেকে সরে আসেননি। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “অনেকে আমাকে একবিংশ শতাব্দীর গান্ধী বা নায়ক বলছেন। কিন্তু আমি একজন সাধারণ নাগরিক, যে শুধু নিজের নাগরিক দায়িত্ব পালনের চেষ্টা করছে।”
আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, সরকারের পক্ষ থেকে এই আন্দোলনের প্রতি প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হচ্ছে না। চিকিৎসকদের মতে, ওয়াংচুক বর্তমানে এতটাই দুর্বল যে উঠে দাঁড়ালেই বা বসলে মাথা ঘুরে যাচ্ছে।
আন্দোলনের উদ্যোক্তাদের দাবি, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর শিক্ষা সংস্কার, পরীক্ষাজনিত মানসিক চাপে প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই এই অনশন চলছে। পাশাপাশি আগামী ২০ জুলাই সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে সংসদ ভবন অভিযানেরও ডাক দেওয়া হয়েছে।
