আদালতের কার্যক্রম ও রায় নিয়ে খবর প্রকাশে বাধা নেই, নিষিদ্ধ শুধু শুনানির অডিও-ভিডিও ব্যবহার: সুপ্রিম কোর্ট

আদালতের কার্যক্রম ও রায় নিয়ে সংবাদ প্রকাশে কোনো বাধা নেই। তবে আদালতের শুনানির অডিও বা ভিডিও রেকর্ডিং অনুমতি ছাড়া প্রকাশ, শেয়ার বা ব্যবহার করা যাবে না। এ বিষয়ে নিজেদের আগের নির্দেশের ব্যাখ্যা দিয়ে এমনটাই স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনিয়ারের বেঞ্চ ৩১ জুলাইয়ের এক আদেশে জানায়, আদালতের পূর্ববর্তী নির্দেশকে সংবাদমাধ্যমের রিপোর্টিংয়ের ওপর কোনো সার্বিক নিষেধাজ্ঞা হিসেবে ব্যাখ্যা করা যাবে না। স্বীকৃতিপ্রাপ্ত সংবাদমাধ্যমগুলি আগের মতোই আদালতের শুনানি, রায় এবং আইনি অগ্রগতির খবর প্রকাশ করতে পারবে। তবে সেই প্রতিবেদনে আদালতের অডিও বা ভিডিও ক্লিপ ব্যবহার করা যাবে না।
এর আগে ২৪ জুলাই দেওয়া অন্তর্বর্তীকালীন নির্দেশে সুপ্রিম কোর্ট বলেছিল, আদালতের পূর্বানুমতি ছাড়া শুনানির অডিও বা ভিডিও রেকর্ডিং সামাজিক মাধ্যম বা অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড, শেয়ার, সম্পাদনা কিংবা বাণিজ্যিকভাবে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের ব্যবহারের জন্য সুপ্রিম কোর্টের মহাসচিব অথবা সংশ্লিষ্ট হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের অনুমতি নিতে হবে।
শীর্ষ আদালত জানিয়েছে, ওই নির্দেশের পর কিছু বিভ্রান্তি তৈরি হওয়ায় বিষয়টি আবারও পরিষ্কার করা হয়েছে। আদালতের বক্তব্য, সংবাদমাধ্যমের স্বাভাবিক ও দায়িত্বশীল রিপোর্টিংয়ের ওপর এই নির্দেশিকার কোনো প্রভাব নেই।
এদিকে, আদালতের কার্যক্রমের লাইভ স্ট্রিমিং ও রেকর্ডিং সংক্রান্ত নীতিমালা আরও সুসংহত করতে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় রূপরেখা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি দেশের সব হাইকোর্টকে ‘লাইভ স্ট্রিমিং ও রেকর্ডিং সংক্রান্ত মডেল রুলস’ বাস্তবায়নের অগ্রগতি জানাতে এবং নিরবচ্ছিন্ন লাইভ স্ট্রিমিং কতটা বাস্তবসম্মত, সে বিষয়ে মতামত দিতে বলা হয়েছে।

Exit mobile version