বিশ্বকাপ ফুটবলে দূরদর্শনের পর্দায় দেখা মিলবে ৮ ম্যাচ

ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মাঝেই দর্শকদের জন্য এল গুরুত্বপূর্ণ খবর। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, চারটি কোয়ার্টার ফাইনাল, দুই সেমিফাইনাল এবং ফাইনাল,সব মিলিয়ে মোট ৮টি ম্যাচ দেখাবে দূরদর্শন।
ভারতীয় সময় অনুযায়ী ১২ জুন রাত সাড়ে ১২টায় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দূরদর্শন। মেক্সিকোর বিখ্যাত অ্যাজটেক স্টেডিয়ামে হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ।
এরপর গ্রুপ পর্বের আর কোনও ম্যাচ দেখাবে না দূরদর্শন। প্রায় এক মাস বিরতির পর ১০ জুলাই থেকে শুরু হবে তাদের সম্প্রচার। ওই দিন থেকে ১২ জুলাই পর্যন্ত চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখানো হবে দূরদর্শন স্পোর্টসে।
সূচি অনুযায়ী, ১০ জুলাই রাত দেড়টায় প্রথম কোয়ার্টার ফাইনাল, ১১ জুলাই রাত সাড়ে ১২টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল এবং ১২ জুলাই রাত ২.৩০টা ও সকাল সাড়ে ৬টায় বাকি দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ সম্প্রচার করা হবে।

এরপর ১৫ জুলাই রাত সাড়ে ১২টায় প্রথম সেমিফাইনাল এবং ১৬ জুলাই একই সময়ে দ্বিতীয় সেমিফাইনাল দেখাবে সরকারি চ্যানেল। বিশ্বকাপের মহারণের শেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল সম্প্রচার হবে ২০ জুলাই রাত সাড়ে ১২টায়।
এবারের বিশ্বকাপে রেকর্ড ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে হবে এই ফুটবল উৎসব। প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নিচ্ছে মূলপর্বে।

ভারতে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব রয়েছে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের হাতে। তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম জি-৫ এবং চারটি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে বিশ্বকাপের সব ম্যাচ দেখানো হবে।
ভারতের ‘স্পোর্টস ব্রডকাস্টিং সিগন্যালস (ম্যানডেটরি শেয়ারিং উইথ প্রসার ভারতী)’ আইন অনুযায়ী, জাতীয় গুরুত্বসম্পন্ন ক্রীড়া প্রতিযোগিতার সম্প্রচার সংকেত প্রসার ভারতীকে দেওয়া বাধ্যতামূলক। গত ৯ মে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক যে গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতার তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে বিশ্বকাপ ফুটবলও রয়েছে।

Exit mobile version