দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে এক দরিদ্র পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ করেই প্রায় ১০০ কোটি টাকার ব্যালেন্স দেখানোকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অ্যাকাউন্টে বিপুল অঙ্কের এই অর্থ দেখে হতবাক গৃহবধূ কাশ্মীরা শেখ এবং তাঁর পরিবার। কীভাবে এই টাকা অ্যাকাউন্টে দেখানো হলো, তা নিয়ে ধন্দে রয়েছেন তাঁরা।
কুলতলির কুন্দখালি গোদাবর অঞ্চলের কীর্তনখোলার বাসিন্দা কাশ্মীরা শেখের স্বামী পেশায় জরি শ্রমিক। অতি কষ্টে সংসার চালান তাঁরা। জানা গেছে, কয়েকদিন আগে রান্নার গ্যাস বুকিং করার পর ভর্তুকির ৩০০ টাকা অ্যাকাউন্টে জমা পড়েছে কি না, তা দেখতে তিনি ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করেন।
পাসবুক আপডেট করার পরই সামনে আসে অবিশ্বাস্য তথ্য। সেখানে দেখা যায়, তাঁর অ্যাকাউন্টে ৯৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৭ টাকা ব্যালেন্স দেখাচ্ছে। মুহূর্তেই হতবাক হয়ে যান কাশ্মীরা শেখ। পরে স্বামীকে সঙ্গে নিয়ে বিষয়টি সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা কর্তৃপক্ষকে জানান।
এরপর ব্যাঙ্ক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটির লেনদেন সাময়িকভাবে বন্ধ করে দেয়। ফলে অ্যাকাউন্টে থাকা নিজেদের সঞ্চিত অর্থও তুলতে পারছেন না ওই দম্পতি। এতে চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের।
পরিবারের দাবি, এত বিপুল অর্থ তাঁদের নয়। তাঁরা দ্রুত ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে বিষয়টির তদন্ত করে প্রকৃত কারণ জানানো এবং অ্যাকাউন্টের স্বাভাবিক লেনদেন চালু করার আবেদন জানিয়েছেন।
