বীজপুরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা ও ছেঁড়া চটি, উঠল ‘চোর’ স্লোগান

কাঁচরাপাড়ায় পুলিশি হেফাজতে মৃত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বীজপুরের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। মমতার গাড়ি লক্ষ্য করে কাদা ও ছেঁড়া চটি ছোড়া হয় বলেও অভিযোগ। বিক্ষোভকারীদের একাংশকে ‘চোর-চোর’ স্লোগান দিতে শোনা যায়।

বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় কাঁচরাপাড়ায় গিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে চাইছেন। তাঁদের দাবি, তাঁর সফরের প্রতিবাদেই স্থানীয়দের একাংশ বিক্ষোভ দেখিয়েছেন।

অন্যদিকে, ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন মমতা। তাঁর অভিযোগ, পুলিশি নিরাপত্তার মধ্যেই তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-সহ বিভিন্ন জিনিস ছোড়া হয়েছে। মমতা রাজ্য সরকার ও পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন। তাঁর দাবি, বিজেপির লোকজনকে পুলিশ নিরাপত্তা দিচ্ছে।

মমতা বলেন, “নিরাপত্তা ভুলে যান। লুম্পেনদের প্রোটেকশন দিচ্ছে পুলিশ! বাংলা তো লুম্পেনদের হাতে চলে গিয়েছে। আমরা কেস করব।” তাঁর আরও অভিযোগ, গাড়িতে বড় বড় ইট ছোড়া হয়েছিল এবং তাতে তাঁর গুরুতর আঘাত লাগতে পারত।

ঘটনাস্থলে মমতার সঙ্গে ছিলেন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। তাঁরাও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “শুভেন্দু অধিকারী পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছেন। মাফিয়াদের দিয়ে কাজ করাচ্ছেন।”

ঘটনাকে কেন্দ্র করে বীজপুরের রাস্তায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে মমতার গাড়িকে ঘিরে রাখে পুলিশ।

কী ঘটেছিল কাঁচরাপাড়ায়?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী বিরজু কেওটকে হালিশহর থানার পুলিশ গ্রেফতার করেছিল। শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

এর পরের দিনই পুলিশি হেফাজতে তাঁর মৃত্যুর খবর সামনে আসে। জেনি শর্মা কেওটের অভিযোগ, লকআপের ভিতরে পুলিশের মারধরের কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রবিবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, “এ রাজ্যে আইনশৃঙ্খলা বলে আর কিছু নেই।”

পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগ এবং তার পর মমতার সফর ঘিরে বিক্ষোভ- দুই ঘটনাকে কেন্দ্র করে কাঁচরাপাড়া ও বীজপুরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

Exit mobile version