শনিবার রাত থেকেই চালু হয়ে গেল SIR সংক্রান্ত ট্রাইব্যুনালে আবেদন করার অনলাইন পোর্টাল। ফলে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ পড়া নিয়ে আপত্তি থাকলে এখন সরাসরি ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন সাধারণ ভোটাররা।
কমিশন সূত্রে জানা গেছে, জুডিশিয়াল আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে বা সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম বাদ গেলে এই ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। এর আগে গত ২৪ মার্চ সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ২৩ জেলার জন্য ১৯টি ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে।
আবেদন করতে হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে প্রথমে লগইন করতে হবে। এরপর “Register in Electoral Roll” অপশনে ক্লিক করে “Under Adjudication submit Appeal of Individual” বিভাগে প্রবেশ করতে হবে। সেখানে আবেদনকারীর নাম, EPIC নম্বর, সঠিক ঠিকানা ও পিনকোড দিতে হবে। ঠিকানা লেখার ক্ষেত্রে ২৫০ শব্দের সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এরপর কেন আবেদন করছেন, তা ১০০০ শব্দের মধ্যে ব্যাখ্যা করতে হবে এবং কী ধরনের প্রতিকার চান, তা উল্লেখ করতে হবে। সমস্ত তথ্য পূরণ করে ‘Submit’ করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। পাশাপাশি ecinet পোর্টাল ব্যবহার করেও একইভাবে আবেদন জানানো যাবে।
যাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন না, তাঁদের জন্য অফলাইন ব্যবস্থাও রাখা হয়েছে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে গিয়ে কাগজে আবেদন জমা দিলেই তা অনলাইনে আপলোড করে দেওয়া হবে। এরপর নির্দিষ্ট দিনে সেই আবেদনগুলির নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।





