কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি তিনতলা গোডাউনের শেড ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার সময় সেখানে ঢালাইয়ের কাজ চলছিল। ধসে পড়া কাঠামোর নিচে বহু শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চলছে।
পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থার কর্মীরা যৌথভাবে উদ্ধারকাজে নেমেছেন। গ্যাস কাটার দিয়ে লোহার বিম কেটে এবং ক্রেনের সাহায্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। পাশাপাশি ড্রিল মেশিন দিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করছেন উদ্ধারকারীরা। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্সও মোতায়েন করা হয়েছে। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করছেন।
স্থানীয়দের দাবি, ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও শ্রমিকদের আর্তনাদ শোনা যাচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দুর্ঘটনার সময় অনেক শ্রমিক সেখানে কাজ করছিলেন। ইতিমধ্যেই অন্তত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে এখনও কতজন ভিতরে আটকে রয়েছেন, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি।
উদ্ধারকারী দলের প্রাথমিক অনুমান, পর্যাপ্ত শক্তিশালী ঢালাই পিলারের অভাবে নির্মাণাধীন কাঠামো ভার বহন করতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ফলে বিশাল লোহার বিমগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে।
এদিকে, দুর্ঘটনার পর নবান্নের পক্ষ থেকে জরুরি সহায়তার জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল: 1070, 8697981070, 22143526 এবং 22535185। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।





