দেশে জ্বালানি ঘাটতি নিয়ে উদ্বেগের মাঝেই আশ্বাস দিল কেন্দ্রীয় সরকার। এক বিবৃতিতে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক জানিয়েছে, দেশে অন্তত দু’মাসের প্রয়োজনীয় তেল ও জ্বালানি মজুত রয়েছে, ফলে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
এর আগে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, দেশে প্রায় ৫৩ লক্ষ মেট্রিক টন পেট্রলিয়াম মজুত রয়েছে। তার কয়েক দিনের মধ্যেই মন্ত্রকের এই ঘোষণা পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক করেছে।
বর্তমানে পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। তবে কেন্দ্রের দাবি, পরিস্থিতি আগেই আঁচ করে তেল সংস্থাগুলি পর্যাপ্ত জ্বালানি মজুত করে রেখেছে এবং সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গা থেকে রান্নার গ্যাসের ঘাটতির খবর সামনে আসায় ‘জ্বালানি সংকট’ বা আরও বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে—এমন আশঙ্কা দেখা দিয়েছিল। তবে সেই সব আশঙ্কাকে পুরোপুরি নস্যাৎ করেছে কেন্দ্র।
এদিকে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে শীঘ্রই বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি নিরাপত্তা, সরবরাহ ব্যবস্থা এবং বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়েও আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।




