বিধানসভার সই জাল সংক্রান্ত মামলায় রবিবার ফের সিআইডির জেরার মুখোমুখি হলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময় দুপুর ১২টার আগেই, সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ তিনি ভবানী ভবনে পৌঁছে যান। রিসেপশনে পরিচয়পত্র দেখিয়ে হাজিরার খাতায় সই করার পর সিআইডির সদর দপ্তরে প্রবেশ করেন তিনি।
অভিষেকের হাজিরাকে কেন্দ্র করে ভবানী ভবন চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং র্যাফ।
এর আগে গত ১১ জুন কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে সিআইডির সামনে হাজিরা দিয়েছিলেন অভিষেক। সেদিন তাঁকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারী সূত্রে খবর, আগের দফার জেরায় যে সমস্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি, সেগুলি নিয়েই এদিন ফের তাঁকে জেরা করা হচ্ছে। বিশেষ করে বিধায়কদের বৈঠকের রেজোলিউশন বুক কোথায় রয়েছে, তা নিয়ে আবারও প্রশ্ন করা হতে পারে। পাশাপাশি, গোটা প্রক্রিয়ায় দলনেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ভূমিকা ছিল কি না, সেই বিষয়েও জানতে চাইতে পারেন তদন্তকারীরা।
একই মামলায় এদিন তলব করা হয়েছে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও। সূত্রের খবর, তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি।
প্রসঙ্গত, বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে বিধানসভায় জমা দেওয়া একটি রেজোলিউশনে একাধিক বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তভার যায় সিআইডির হাতে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই মামলাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলেও বাড়ছে জল্পনা।





