রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে সংঘটিত সামরিক অভিযানে গণহত্যার দায়ে মায়ানমারকে দায়ী করল জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া এক ঐতিহাসিক রায়ে আদালত জানায়, উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে মায়ানমার গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
১৫ সদস্যের বিচারপতি প্যানেলের মধ্যে ৯ জন এই সিদ্ধান্তের পক্ষে এবং ৬ জন বিপক্ষে ভোট দেন। এই প্রথম আন্তর্জাতিক বিচার আদালত কোনও রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী বলে রায় দিল। মামলাটি দায়ের করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।
রায় পাঠ করার সময় আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত সনদের আওতায় নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে মায়ানমার। ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে গণহত্যার ঘটনা ঘটেছে বলে আদালত সিদ্ধান্তে পৌঁছেছে।
আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ওই অভিযানে ১০ হাজারেরও বেশি রোহিঙ্গাকে হত্যা করা হয়। পাশাপাশি ব্যাপক যৌন হিংসা, শিশুদের উপর নৃশংস নির্যাতন এবং ঘরবাড়ি ধ্বংসের মতো ঘটনাও ঘটেছিল। এই সব ঘটনার মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল বলে আদালত মনে করেছে।
ক্ষতিপূরণের বিষয়ে আদালত জানিয়েছে, গণহত্যা সনদ লঙ্ঘনের ফলে রোহিঙ্গা জনগোষ্ঠী ও তার সদস্যদের যে ক্ষতি হয়েছে, তার জন্য মায়ানমারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। তবে এখনই ক্ষতিপূরণের নির্দিষ্ট অঙ্ক বা অর্থ প্রদানের পদ্ধতি নির্ধারণ করা হয়নি। আদালত জানিয়েছে, ক্ষতির পরিমাণ ও প্রকৃতি বিবেচনা করে পরবর্তী পর্যায়ে ক্ষতিপূরণের অঙ্ক এবং পদ্ধতি স্থির করা হবে।
এ ছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলিকে পুনর্মিলনের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা তার বিকল্প ব্যবস্থা, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং আহতদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের বিষয়েও নির্দেশ রয়েছে।
আদালত মায়ানমারকে দুই বছরের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলেছে। সেখানে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত বিবরণ দিতে হবে। এই রায় চূড়ান্ত এবং সংশ্লিষ্ট পক্ষগুলির জন্য বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।
দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন ও নিপীড়নের অভিযোগ আন্তর্জাতিক মহলে আলোচিত। ২০১৭ সালের সামরিক অভিযানের পর সাত লক্ষেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।





