২০৩৫ সালেই বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারে মুসলিমরা, পিউ রিসার্চের পূর্বাভাস - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, November 21, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

২০৩৫ সালেই বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারে মুসলিমরা, পিউ রিসার্চের পূর্বাভাস

টিডিএন বাংলা টিডিএন বাংলা
November 20, 2026
| ধর্ম ও দর্শন

বহু শতাব্দী ধরে অনুসারীর সংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হিসেবে পরিচিত খ্রিষ্টানরা। তবে আগামী এক দশকের মধ্যেই এই অবস্থানে পরিবর্তন আসতে পারে। পিউ রিসার্চ সেন্টারের নতুন জনসংখ্যাভিত্তিক পূর্বাভাস বলছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যেই সংখ্যার বিচারে খ্রিষ্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন মুসলিমরা। শুধু তাই নয়, ২০৭০ সালের মধ্যে দুই ধর্মের অনুসারীর সংখ্যার ব্যবধান আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০’ শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৭টি অংশে প্রকাশিত এই গবেষণায় ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের সাতটি ধর্মীয় জনগোষ্ঠীর সম্ভাব্য জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তারের পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। ২০১টি দেশ ও ভূখণ্ডের তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গবেষণাটি তৈরি করেছেন কনরাড হ্যাকেটসহ ছয়জন গবেষক।

পিউ রিসার্চের হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ২৯ শতাংশ বাড়তে পারে। তবে ধর্মীয় জনগোষ্ঠীগুলোর মধ্যে মুসলিমদের বৃদ্ধির হার হবে সবচেয়ে বেশি। এই সময়ে মুসলিম জনসংখ্যা বাড়তে পারে প্রায় ৮০ শতাংশ, আর খ্রিষ্টানদের সংখ্যা বাড়তে পারে ৩০ শতাংশ। ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টান ছিলেন প্রায় ২৩০ কোটি এবং মুসলিম ২০২ কোটি। পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে মুসলিমদের সংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে। অন্যদিকে খ্রিষ্টানদের সংখ্যা থাকবে ৩০০ কোটির কিছু কম।

এই জনসংখ্যা বৃদ্ধির ফলে বিশ্বের মোট জনসংখ্যায় মুসলিমদের অংশ ২০২০ সালের ২৬ শতাংশ থেকে বেড়ে ২০৭০ সালে ৩৬ শতাংশে পৌঁছাতে পারে। খ্রিষ্টানদের অনুপাত অবশ্য প্রায় ২৯ শতাংশেই স্থির থাকতে পারে।

ওই গবেষণায় শুধু মুসলিম ও খ্রিষ্টানদের নয়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং কোনো ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত নন—এমন মানুষের জনসংখ্যাগত পরিবর্তনও তুলে ধরা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, হিন্দু ও ইহুদিদের মোট সংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যায় তাঁদের অনুপাত কমতে পারে। বৌদ্ধদের ক্ষেত্রে জনসংখ্যা ও অনুপাত—দুটিই কমার সম্ভাবনা রয়েছে। বাহাই, তাওবাদী, জৈন, শিখ এবং লোকধর্মসহ অন্যান্য ধর্মের অনুসারীদের সংখ্যা সামান্য বাড়লেও মোট জনসংখ্যায় তাঁদের অংশ ২ শতাংশের নিচে নেমে যেতে পারে। একই সঙ্গে ধর্মীয় পরিচয়হীন মানুষের অনুপাত ২৪ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে দাঁড়াতে পারে।

আগামী পাঁচ দশকে বিশ্বের ছয়টি প্রধান অঞ্চলের প্রতিটিতেই মোট জনসংখ্যার অনুপাতে মুসলিমদের অংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ। অন্যদিকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ছাড়া বাকি সব অঞ্চলে খ্রিষ্টানদের অনুপাত কমার সম্ভাবনা রয়েছে।

ইউরোপে ধর্মীয় পরিচয়হীন মানুষের হার এক-চতুর্থাংশ থেকে বেড়ে প্রায় এক-তৃতীয়াংশে পৌঁছাতে পারে। একই সময়ে ইউরোপে মুসলিমদের অনুপাত ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হতে পারে।

উত্তর আমেরিকায়ও বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বর্তমানে অঞ্চলটির জনসংখ্যার ৬৩ শতাংশ খ্রিষ্টান হলেও ২০৭০ সালে তা কমে ৪৬ শতাংশে নেমে আসতে পারে। ফলে উত্তর আমেরিকা আর খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে থাকবে না।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে মুসলিমরা বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীতে পরিণত হতে পারেন। একই সঙ্গে হিন্দুরা এ অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হয়ে উঠতে পারেন।

পিউয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে বিশ্বের ১৯৪টি দেশে অন্তত একটি ধর্মীয় জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ ছিল। ২০৭০ সালে সেই সংখ্যা কমে ১৮৫টিতে দাঁড়াতে পারে। খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ১২০ থেকে কমে ১১০ হতে পারে। যুক্তরাষ্ট্র, কানাডা ও জার্মানির মতো দেশও তখন আর খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ থাকবে না।

অন্যদিকে আইভরি কোস্টে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠিত হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ৫৩ থেকে বেড়ে ৫৪ হতে পারে। দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য ধর্মীয় পরিচয়হীন সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় যুক্ত হলে এই ধরনের দেশের সংখ্যা বেড়ে ১৩ হতে পারে। পাশাপাশি মঙ্গোলিয়া ও লাওস বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে।

বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ২০২০ সালে এই অঞ্চলের জনসংখ্যা ছিল প্রায় ৪৫০ কোটি। পিউয়ের হিসাব অনুযায়ী, ওই সময় এই অঞ্চলে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা ছিল প্রায় ১৫০ কোটি। তবে ২০৭০ সালে তা কমে ১১০ কোটিতে নেমে আসতে পারে। চীনের জনসংখ্যা হ্রাস এই পরিবর্তনের অন্যতম কারণ হতে পারে। কারণ, বিশ্বের ধর্মীয় পরিচয়হীন মানুষের বড় অংশই চীনে বসবাস করেন।

অন্যদিকে এই অঞ্চলে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ২০৪০ সালের মধ্যেই মুসলিমরা ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম গোষ্ঠী হয়ে উঠতে পারেন। ২০৭০ সালে এই অঞ্চলে মুসলিমের সংখ্যা প্রায় ১৮০ কোটিতে পৌঁছাতে পারে, যা ২০২০ সালের তুলনায় প্রায় ৬১ কোটি ৯০ লাখ বেশি।

বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী পাঁচটি দেশের মধ্যে চারটিই এই অঞ্চলে—পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ। গবেষণার পূর্বাভাস বলছে, ২০৭০ সালে মুসলিম জনসংখ্যার বিচারে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে উঠে আসতে পারে পাকিস্তান। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।

বাংলাদেশের জনসংখ্যাতেও আগামী পাঁচ দশকে পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ। গবেষণা অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল প্রায় ১৬ কোটি ৬৩ লাখ। এর মধ্যে মুসলিম ছিলেন ৯১ দশমিক ১ শতাংশ। ২০৭০ সালে দেশের জনসংখ্যা বেড়ে প্রায় ২৩ কোটি ৭২ লাখ হতে পারে। তখন মুসলিমদের অনুপাত বেড়ে ৯২ শতাংশে পৌঁছাতে পারে।

অন্যদিকে হিন্দুদের অনুপাত ২০২০ সালের ৭ দশমিক ৯ শতাংশ থেকে কমে ২০৭০ সালে ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে। তবে অনুপাত কমলেও তাঁদের মোট সংখ্যা বাড়বে। ২০২০ সালে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩১ লাখ। ২০৭০ সালে তা বেড়ে প্রায় ১ কোটি ৬১ লাখ হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে মুসলিম জনসংখ্যার বিচারে বাংলাদেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হবে। আর হিন্দু জনসংখ্যার বিচারে থাকবে তৃতীয় স্থানে। অর্থাৎ, জনসংখ্যার অনুপাতে কিছুটা পরিবর্তন এলেও বাংলাদেশে মুসলিম ও হিন্দু—উভয় জনগোষ্ঠীর মোট সংখ্যাই বাড়তে পারে।

ভারতের ক্ষেত্রেও ধর্মীয় জনসংখ্যার অনুপাতে পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে গবেষণাটি। ২০২০ সালে ভারতের মোট জনসংখ্যার ৭৯ দশমিক ৪ শতাংশ ছিলেন হিন্দু। ২০৭০ সালে এই হার কমে ৭৫ দশমিক ৮ শতাংশ হতে পারে। তবে অনুপাত কমলেও হিন্দুদের মোট সংখ্যা কমবে না; বরং ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে তাঁদের সংখ্যা প্রায় ১৭ কোটি ৬০ লাখ বাড়তে পারে। ফলে ২০৭০ সালেও বিশ্বের সর্বাধিক হিন্দু বসবাসকারী দেশ থাকবে ভারত।

অন্যদিকে ভারতে মুসলিমদের সংখ্যা ও মোট জনসংখ্যায় তাঁদের অংশ—দুটিই বাড়তে পারে। ২০২০ সালে ভারতে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২১ কোটি ৩০ লাখ। ২০৭০ সালে তা বেড়ে প্রায় ৩৩ কোটি ৪০ লাখে পৌঁছাতে পারে। তখন ভারতের মোট জনসংখ্যার ১৯ দশমিক ৬ শতাংশ হবেন মুসলিমরা। ২০২০ সালে এই হার ছিল ১৫ দশমিক ২ শতাংশ।

বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির বড় অংশ আগামী দশকগুলোতে ঘটবে আফ্রিকায়, বিশেষ করে সাহারা মরুভূমির দক্ষিণের দেশগুলোতে। ২০৭০ সালে বিশ্বের এক-চতুর্থাংশেরও বেশি মানুষের বসবাস হতে পারে সাব-সাহারান আফ্রিকায়। এই অঞ্চলে মুসলিম ও খ্রিষ্টান—দুই ধর্মের অনুসারীর সংখ্যাই উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

২০২০ সালে এই অঞ্চলে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ৩৬ কোটি ৯০ লাখ। ২০৭০ সালে তা বেড়ে ৯৮ কোটিতে পৌঁছাতে পারে। মোট জনসংখ্যায় মুসলিমদের অংশ ৩৩ শতাংশ থেকে বেড়ে ৩৬ শতাংশ হতে পারে। অন্যদিকে খ্রিষ্টানদের অনুপাত ৬২ শতাংশ থেকে কমে ৫৯ শতাংশে নেমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে।

কিন্তু কেন বাড়ছে মুসলিম জনসংখ্যা?
গবেষকদের মতে, ধর্মীয় জনগোষ্ঠীর আকার পরিবর্তনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনসংখ্যাতাত্ত্বিক কারণ। সাধারণভাবে ধর্ম পরিবর্তনকে জনসংখ্যার পরিবর্তনের বড় কারণ বলে মনে করা হলেও বাস্তবে জন্মহার, মৃত্যুহার, বয়সকাঠামো এবং অভিবাসনের প্রভাব অনেক বেশি গুরুত্বপূর্ণ। পিউয়ের গবেষণায় এই পাঁচটি বিষয় বিবেচনা করে ২০৭০ সাল পর্যন্ত পূর্বাভাস তৈরি করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, মুসলিমরা বিশ্বের অন্যান্য প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় সবচেয়ে তরুণ। ২০২০ সালে মুসলিমদের মধ্যম বয়স ছিল ২৪ বছর। অর্থাৎ, মুসলিম জনসংখ্যার অর্ধেকের বয়স ছিল ২৪ বছর বা তার কম। বিপরীতে অমুসলিমদের মধ্যম বয়স ছিল ৩৩ বছর।

পরিসংখ্যান অনুযায়ী, মুসলিমদের প্রায় এক-তৃতীয়াংশের বয়স ১৫ বছরের নিচে। বৌদ্ধ ও ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীর ক্ষেত্রে এই হার এক-পঞ্চমাংশেরও কম। ফলে মুসলিম জনগোষ্ঠীর বড় অংশ বর্তমানে সন্তান জন্মদানের বয়সে রয়েছে অথবা আগামী দিনে সেই বয়সে পৌঁছাবে।

মুসলিমদের উচ্চ জন্মহারও জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। অমুসলিম নারীদের ক্ষেত্রে এই হার ছিল ২। ধর্মীয় জনগোষ্ঠী অনুযায়ী খ্রিষ্টানদের ক্ষেত্রে জন্মহার ২ দশমিক ৫, ইহুদিদের ২ দশমিক ৩, অন্যান্য ধর্মের ২ দশমিক ১, হিন্দুদের ১ দশমিক ৯, বৌদ্ধদের ১ দশমিক ৬ এবং ধর্মীয় পরিচয়হীনদের ১ দশমিক ৩।

এই সময়ে মুসলিম মায়েরা আনুমানিক ২৫ কোটি ২০ লাখ সন্তানের জন্ম দিয়েছেন। খ্রিষ্টান মায়েদের ক্ষেত্রে এই সংখ্যা ছিল প্রায় ২০ কোটি ৮০ লাখ। পিউয়ের পূর্বাভাস অনুযায়ী, আগামী দশকগুলোতে জন্মের সংখ্যা বাড়তে থাকবে মূলত মুসলিম জনগোষ্ঠীর মধ্যেই। অন্য ধর্মীয় জনগোষ্ঠীগুলোর ক্ষেত্রে জন্মের সংখ্যা স্থির থাকতে পারে অথবা কমতে পারে।

তবে গবেষকেরা মনে করছেন, সময়ের সঙ্গে মুসলিম নারীদের জন্মহারও কমবে। ২০৭০ সালে তা একজন নারীর গড়ে ২ দশমিক ২ সন্তানে নেমে আসতে পারে। তারপরও অন্য প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় মুসলিমদের জন্মহার বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

ধর্মীয় জনসংখ্যার পরিবর্তনে ধর্ম বদলেরও ভূমিকা রয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। শৈশবে যে ধর্মীয় পরিচয়ে বেড়ে ওঠা, প্রাপ্তবয়স্ক জীবনে তা ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করা অথবা কোনো ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত না করাকে গবেষণায় ‘রিলিজিয়াস সুইচিং’ বলা হয়েছে।

২০০৮ থেকে ২০২৪ সালের মধ্যে ১১২টি দেশ ও ভূখণ্ডে পরিচালিত জরিপের তথ্যের ভিত্তিতে ধর্ম পরিবর্তনের প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে। গবেষণা অনুযায়ী, শৈশবের ধর্মীয় পরিচয় ধরে রাখার হার মুসলিম ও হিন্দুদের মধ্যে সবচেয়ে বেশি—৯৯ শতাংশ। ধর্মীয় পরিচয়হীনদের ক্ষেত্রে এই হার ৯২ শতাংশ, খ্রিষ্টানদের ৮৫ শতাংশ, বৌদ্ধদের ৮৩ শতাংশ এবং অন্যান্য ধর্মের অনুসারীদের ৭৮ শতাংশ।

অন্যদিকে খ্রিষ্টধর্মে নতুন করে যুক্ত হওয়ার তুলনায় তা ছেড়ে যাওয়ার প্রবণতা বেশি। গবেষণার হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে একজন ব্যক্তি খ্রিষ্টধর্ম গ্রহণের বিপরীতে ২ দশমিক ৩ জন খ্রিষ্টধর্ম ছেড়েছেন। ধর্মীয় পরিচয়হীনদের ক্ষেত্রেও নতুন করে যুক্ত হওয়ার তুলনায় ছেড়ে যাওয়ার অনুপাত ২ দশমিক ৪।

গবেষণায় বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু বৃদ্ধির পূর্বাভাসও দেওয়া হয়েছে। ২০২০ সালে বিশ্বে গড় আয়ু ছিল ৭২ বছর। ২০৭০ সালে তা বেড়ে ৭৯ বছর হতে পারে। তবে অঞ্চলভেদে এই ব্যবধান থাকবে। ২০২০ সালে ইউরোপে গড় আয়ু ছিল ৭৮ বছর, যেখানে সাব-সাহারান আফ্রিকায় ছিল ৬১ বছর। ২০৭০ সালে এই হার যথাক্রমে ৮৬ ও ৭০ বছরে পৌঁছাতে পারে।

ধর্মভিত্তিক গড় আয়ুর নির্দিষ্ট তথ্য না থাকায় গবেষকেরা সংশ্লিষ্ট দেশের সব ধর্মের মানুষের গড় আয়ু একই ধরে হিসাব করেছেন। সেই হিসাবে ২০২০ সালে ইহুদিদের গড় আয়ু ছিল ৮০ বছর। ধর্মীয় পরিচয়হীনদের ৭৮, বৌদ্ধদের ৭৬, খ্রিষ্টানদের ৭১, হিন্দুদের ৭০ এবং মুসলিমদের ৬৮ বছর। ২০৭০ সালে মুসলিম ও খ্রিষ্টান—উভয় জনগোষ্ঠীর গড় আয়ু ৭৭ বছর হতে পারে।

সব মিলিয়ে পিউ রিসার্চ সেন্টারের এই গবেষণা বলছে, আগামী পাঁচ দশকে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার মানচিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। মুসলিমদের তুলনামূলক তরুণ জনসংখ্যা, উচ্চ জন্মহার এবং বিভিন্ন অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা তাঁদের দ্রুত সংখ্যাবৃদ্ধির প্রধান কারণ। তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, এগুলি নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়; বর্তমান জনসংখ্যাগত প্রবণতার ভিত্তিতে তৈরি সম্ভাব্য পূর্বাভাস। জন্মহার, মৃত্যুহার, অভিবাসন ও ধর্মীয় পরিচয়ের পরিবর্তনের সঙ্গে ভবিষ্যতের বাস্তব চিত্রেও পরিবর্তন আসতে পারে।

ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

রোহিঙ্গা গণহত্যার দায়ে মায়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ক্ষতিপূরণের নির্দেশ

রোহিঙ্গা গণহত্যার দায়ে মায়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ক্ষতিপূরণের নির্দেশ

November 19, 2026
0

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে সংঘটিত সামরিক অভিযানে গণহত্যার দায়ে মায়ানমারকে দায়ী করল জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার...

দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, চলতি বছরের সর্বনিম্ন স্তরে পৌঁছল দাম

দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, চলতি বছরের সর্বনিম্ন স্তরে পৌঁছল দাম

November 18, 2026
0

দুবাইয়ের বাজারে স্বর্ণের দামে ফের বড়সড় পতন। বুধবার বাজার খোলার পর স্বর্ণের দাম কমে চলতি বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক...

জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়ার দৌড়ে রেবেকা গ্রিনস্প্যান

জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়ার দৌড়ে রেবেকা গ্রিনস্প্যান

November 18, 2026
0

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। তিনি নির্বাচিত হলে জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী...

Recommended

বিবাহ কখনই স্ত্রী’র ওপর স্বামীর অধিকার প্রতিষ্ঠা করে না, স্ত্রী’রও রয়েছে নিজস্ব অধিকার: এলাহাবাদ হাইকোর্ট

বিবাহ কখনই স্ত্রী’র ওপর স্বামীর অধিকার প্রতিষ্ঠা করে না, স্ত্রী’রও রয়েছে নিজস্ব অধিকার: এলাহাবাদ হাইকোর্ট

2 years ago
ওডিশার কেওনঝড়ে খোঁজ মিলল নতুন প্রজাতির কৃমি

ওডিশার কেওনঝড়ে খোঁজ মিলল নতুন প্রজাতির কৃমি

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.