আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর মতে, আমেরিকার জনগণ বিভাজনের রাজনীতির পরিবর্তে ঐক্যের রাজনীতি চান। পাশাপাশি তাঁরা এমন নেতৃত্ব প্রত্যাশা করেন, যারা সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার বাস্তবসম্মত সমাধান দিতে পারবেন।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ওবামা বলেন, নির্বাচনের ফলাফল আমেরিকার জনগণের স্পষ্ট বার্তা বহন করছে। মানুষ এমন রাজনীতি চান, যা সমাজকে বিভক্ত না করে একত্রিত করবে। তাঁরা এমন নেতাদের দেখতে চান, যাঁরা প্রতিশ্রুতির পাশাপাশি মানুষের সামনে থাকা সমস্যাগুলির কার্যকর সমাধান দিতে সক্ষম।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসাধারণ প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এগিয়ে এসেছিলেন। এমনকী যেসব এলাকাকে আগে জয়ের সম্ভাবনা কম বলে মনে করা হতো, সেখানেও তাঁরা লড়াই করেছেন। প্রার্থীদের সামাজিক পটভূমি ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা হলেও জনসেবার প্রতি অঙ্গীকার, অভিন্ন মূল্যবোধ এবং সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার সংকল্প তাঁদের একসূত্রে বেঁধেছিল।
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে দুই দলের হাজার হাজার নির্বাচনী আধিকারিক ও স্বেচ্ছাসেবকের ভূমিকারও প্রশংসা করেছেন ওবামা। গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে তাঁদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আগামী দিনের রাজনৈতিক করণীয় প্রসঙ্গে ওবামা বলেন, বর্তমান প্রশাসনের হাতে এখনও দু’বছর ক্ষমতায় থাকার সময় রয়েছে। এই পরিস্থিতিতে নতুন উদ্যমে কাজে নেমে পড়তে হবে। যেখানে পরিবর্তন আনা সম্ভব, সেখানে পরিবর্তনের উদ্যোগ নিতে হবে, আরও ক্ষয়ক্ষতি রোধ করতে হবে এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে হবে।
