সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রাঁস-মন্টানায় নববর্ষ উদযাপনের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহত ও আহতদের অধিকাংশই বিদেশি পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সময় বুধবার দিবাগত রাত দেড়টা নাগাদ ক্রাঁস-মন্টানার জনপ্রিয় মদের বার ‘লে কনস্টেলেশন’-এ আচমকাই আগুন লাগে। সে সময় নববর্ষ উপলক্ষে বারে কনসার্ট ও উৎসব চলছিল এবং ভেতরে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কে ছোটাছুটি শুরু হলে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ে।
সুইস পুলিশ জানিয়েছে, এটি কোনও সন্ত্রাসী হামলা নয়, সম্পূর্ণভাবে একটি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, অনুষ্ঠানের সময় পায়রোটেকনিকস বা আতশবাজি সদৃশ উপকরণ ব্যবহার করা হয়েছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরপরই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়। দমকল বাহিনী, পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। একাধিক হেলিকপ্টারের সাহায্যে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং ক্রাঁস-মন্টানার আকাশসীমায় সাময়িকভাবে উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের স্বজনদের জন্য একটি হটলাইন চালু করা হয়েছে। সুইজারল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্রে এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।





