বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক এবং এতে করে ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা আরও বেড়েছে। মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনাকে হটানোর অন্দোলনে নেতৃত্বদাতাদের অন্যতম আসিফ মাহমুদ জানান, তফশিল ঘোষণার পরদিনই একজন চিহ্নিত আসামির হাতে দলের এক সহযোদ্ধা নিহত হওয়ার ঘটনায় জনমনে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, নির্বাচন সামনে রেখে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান ও সক্রিয় উপস্থিতি এখনও চোখে পড়ছে না। এ বিষয়ে নির্বাচন কমিশনকে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
নির্বাচন আদৌ হবে কি না—এই প্রশ্ন এখনো মানুষের মুখে মুখে ঘুরছে বলে মন্তব্য করেন এনসিপি মুখপাত্র। তাঁর মতে, জনগণকে আস্থা দিতে না পারা সরকার ও নির্বাচন কমিশনের ব্যর্থতা। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং প্রশাসনের পক্ষপাতিত্বও লক্ষ্য করা যাচ্ছে।
বৈঠকে কমিশন সুষ্ঠু পরিবেশের আশ্বাস দিলেও আসিফ মাহমুদের স্পষ্ট বক্তব্য, কথায় নয়, কাজের মাধ্যমেই তা প্রমাণ করতে হবে। বাংলাদেশে একতরফা বা পাতানো নির্বাচন হলে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন আসিফ।
বাংলাদেশে ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক, পাতানো নির্বাচন নিয়ে হুশিয়ারি আসিফ মাহমুদের
