দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, চলতি বছরের সর্বনিম্ন স্তরে পৌঁছল দাম

দুবাইয়ের বাজারে স্বর্ণের দামে ফের বড়সড় পতন। বুধবার বাজার খোলার পর স্বর্ণের দাম কমে চলতি বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছে। সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুবাই জুয়েলারি গ্রুপের তথ্য অনুযায়ী, বুধবার বাজার খোলার সময় ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ৮ দিরহাম কমে দাঁড়িয়েছে ৪৫৬.২৫ দিরহামে। একইভাবে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমে হয়েছে ৪২২.৫০ দিরহাম। ২১ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ৪০৫.২৫ দিরহাম, ১৮ ক্যারেটের ৩৪৭.২৫ দিরহাম এবং ১৪ ক্যারেটের দাম নেমে এসেছে প্রতি গ্রামে ২৭১ দিরহামে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। স্পট গোল্ডের দাম ২.০৮ শতাংশ কমে প্রতি আউন্স ৩,৭৮২ ডলারে নেমে এসেছে। একই সময়ে রুপার দামও ৩.৪৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫.৮৩ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, দুবাইয়ে স্বর্ণের দামের এই নিম্নমুখী প্রবণতা বেশ কিছুদিন ধরেই অব্যাহত রয়েছে। গত অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই প্রতি গ্রাম স্বর্ণের দাম ৫০০ দিরহামের নিচে রয়েছে।

সেঞ্চুরি ফাইন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালেচার মতে, জ্বালানির দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার নিয়ে আরও কঠোর অবস্থান নিতে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

তিনি জানান, সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত বিনিয়োগকারীদের মধ্যে আগামী ৯ ডিসেম্বরের বৈঠকে সুদের হার ৯৬.৫ শতাংশ বাড়ানোর প্রত্যাশা তৈরি হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের মার্চের মধ্যে একাধিকবার সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও বাজারে বিবেচনায় রয়েছে।

ভালেচা আরও বলেন, মঙ্গলবার সকালে স্বর্ণের দামে সামান্য উত্থান দেখা গেলেও সামগ্রিক বাজার পরিস্থিতি এখনও চাপের মধ্যে রয়েছে। টানা তৃতীয় মাসের মতো ভোক্তা মূল্যস্ফীতির পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ায় ফেডের কঠোর নীতির সম্ভাবনা বেড়েছে। ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালারও মূল্যস্ফীতি বাড়তে থাকলে সুদের হার অর্ধ শতাংশ পয়েন্ট বাড়ানোর পক্ষে অবস্থান নিতে পারেন বলে জানিয়েছেন।

বিজয় ভালেচার ব্যাখ্যা, সুদের হার বৃদ্ধির প্রত্যাশায় মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড বেড়েছে এবং ডলার আরও শক্তিশালী হয়েছে। এই দুই বিষয়ই স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। কারণ, স্বর্ণ থেকে কোনও সুদ পাওয়া যায় না এবং আন্তর্জাতিক বাজারে এর দাম ডলারে নির্ধারিত হয়।

বিশ্লেষকদের মতে, মার্কিন সুদের হার ও ডলারের গতিপ্রকৃতির ওপর আগামী দিনেও আন্তর্জাতিক স্বর্ণবাজারের ওঠানামা অনেকটাই নির্ভর করবে।

Exit mobile version