ইরানে হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা ট্রাম্প প্রশাসনের!
ইরানে সম্ভাব্য সামরিক হামলা চালানো নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল শনিবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যা করা হলে কঠোর জবাব দেওয়া হবে—এমন হুঁশিয়ারি একাধিকবার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই প্রেক্ষিতেই সম্ভাব্য হামলার বিকল্প ও লক্ষ্যবস্তু নিয়ে প্রশাসনের ভেতরে প্রাথমিক আলোচনা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, আলোচনায় ইরানের সেনাবাহিনীর অবকাঠামোকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলার সম্ভাবনাও বিবেচনায় আনা হয়েছে। কোন কোন স্থানে আঘাত হানা হতে পারে, তা নিয়েও মতবিনিময় হয়েছে বলে দাবি।তবে সংবাদমাধ্যমটি স্পষ্ট করেছে, এই মুহূর্তে হামলার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রস্তুতির লক্ষণ নেই। ইরানে হামলার জন্য এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেনা বা সামরিক সরঞ্জামের কোনো দৃশ্যমান মুভমেন্ট দেখা যায়নি।





