ভোটের আগে তেল আবিবে পারমাণবিক বিস্ফোরণের এআই ছবি পোস্ট নেতানিয়াহুর, তীব্র বিতর্ক ইজরায়েলে

ইজরায়েলের জাতীয় নির্বাচনের ঠিক আগে সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি পারমাণবিক বিস্ফোরণের একটি ছবি প্রকাশ করে বিতর্কে জড়ালেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবিতে তেল আবিব শহরের আকাশে বিশাল পারমাণবিক মাশরুম মেঘ এবং একাধিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গিয়েছে। রবিবার এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে।

ছবিটির সঙ্গে ইজরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ইউভাল ব্লুমবার্গের একটি বক্তব্যও যুক্ত করেন নেতানিয়াহু। সেখানে ইরান ও শিয়া-অক্ষের পারমাণবিক হুমকিকে ইজরায়েলের অস্তিত্বের পক্ষে গুরুতর বিপদ হিসেবে তুলে ধরা হয়েছে। নেতানিয়াহুর বক্তব্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদের বাকি দুই বছরকে কাজে লাগিয়ে ইরানের পারমাণবিক হুমকি সম্পূর্ণভাবে নির্মূল করা প্রয়োজন। এরপর মার্কিন নেতৃত্বে পরিবর্তন এলে পরিস্থিতি কী দাঁড়াবে, তা নিয়ে অনিশ্চয়তার কথাও উল্লেখ করেন তিনি।

নেতানিয়াহুর এই পোস্ট ঘিরে ইজরায়েলের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিরোধী দলগুলির নেতারা তাঁর বিরুদ্ধে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ তুলেছেন। ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়াইর গোলান নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়েছেন এবং তাঁকে সামাজিক মাধ্যম থেকে দূরে রাখা উচিত।

অন্যদিকে, বিরোধী দল ইয়াশার-এর প্রধান গাদি আইজেনকোট অভিযোগ করেন, প্রতিটি নির্বাচনের আগের মতো এবারও নেতানিয়াহু মিথ্যা ও ভয়ের রাজনীতির আশ্রয় নিচ্ছেন। বিরোধীদের বক্তব্য, নির্বাচনের আগে এমন ছবি ও বার্তা প্রকাশ করে নিরাপত্তা পরিস্থিতিকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার ইজরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। দেশটির পার্লামেন্ট নেসেটে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য কোনও দল বা জোটকে অন্তত ৬১টি আসনের সমর্থন প্রয়োজন।

নির্বাচনের মুখে নেতানিয়াহুর এই এআই-নির্মিত ছবি প্রকাশ ইরানের পারমাণবিক কর্মসূচি, ইজরায়েলের নিরাপত্তা এবং নির্বাচনী প্রচারে ভয় ও নিরাপত্তার প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

Exit mobile version