জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। তিনি নির্বাচিত হলে জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী মহাসচিব হওয়ার পাশাপাশি প্রথম ইহুদি মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন। ৭০ বছর বয়সি গ্রিনস্প্যান কোস্টারিকার সাবেক উপরাষ্ট্রপতি। বর্তমানে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা—আঙ্কটাডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা পরিষদের গোপন ভোটে তাঁর প্রার্থিতা এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। তবে মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের যেকোনও একটির ভেটো তাঁর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় কৃষ্ণসাগর শস্যচুক্তি এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে তাঁর ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জাতিসংঘের সংস্কার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসনের সমর্থন আদায় করাও গ্রিনস্প্যানের সামনে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এ বিষয়ে সমঝোতা গড়ে তোলা তাঁর প্রার্থিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। নির্ধারিত সূচি অনুযায়ী, নতুন মহাসচিব ২০২৭ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।




