যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারঝড় ও হিমশীতল বৃষ্টির তাণ্ডবে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী তুষারপাত, বরফ জমা ও তীব্র ঠান্ডার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে লাখো মানুষের। বিপজ্জনক আবহাওয়ার জেরে শনিবার থেকে দেশজুড়ে ১৩ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, স্থবির হয়ে পড়েছে আকাশ ও স্থলপথের যোগাযোগ।
বার্তা সংস্থা এপির খবর অনুযায়ী, প্রায় ১৪ কোটি মানুষ এখন শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছেন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত এলাকায় আরও কয়েকদিন ভারী তুষারপাত, শিলাবৃষ্টি ও ফ্রিজিং রেইনের আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ডজনের বেশি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারির অনুমোদন দিয়েছেন। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) আগাম ত্রাণ ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে। তবে বরফ ও তুষার গলতে সময় লাগায় উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বিদ্যুৎ বিভ্রাটের চিত্রও ভয়াবহ। টেক্সাস ও লুইসিয়ানায় হাজার হাজার পরিবার অন্ধকারে রয়েছে। বরফের ভারে গাছ ভেঙে বিদ্যুৎ লাইন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বড় বিমানবন্দরগুলোতে ব্যাপক ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনে ঘর থেকে না বের হওয়ার আহ্বান জানিয়েছে।



