‘যাঁরা ভাবেন ভারতে মুসলিমদের ঠাঁই নেই, তাঁরা হিন্দুই নন’, আমেরিকায় বললেন মোহন ভাগবত

ভারতে মুসলিমদের কোনও জায়গা থাকা উচিত নয়-যাঁরা এমনটা মনে করেন, তাঁরা হিন্দুত্বের মূল ভাবনাই বোঝেননি। নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত।

ধর্মীয় ঐক্য, সহাবস্থান এবং মানবতার পক্ষে সওয়াল করে ভাগবত বলেন, ভারতীয় সমাজের বৈচিত্র্যের মধ্যেই ঐক্য নিহিত। তাঁর বক্তব্যে উঠে আসে ধর্মীয় পার্থক্যের ঊর্ধ্বে উঠে মানবিকতার কথা।শনিবার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়্যারে আয়োজিত ‘এক বিশ্ব, এক মানবতা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরএসএস প্রধান।

তিনি আরও বলেন, “আপনি যদি নিজেকে হিন্দু ভাবেন, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে মানুষের মধ্যে কোনও বিভেদ নেই। যে হিন্দুরা মনে করেন ভারত থেকে মুসলিমদের বের করে দেওয়া উচিত, তাঁরা হিন্দুত্বের মূল ধারণার সঙ্গে সম্পৃক্ত নন। তাঁরা হিন্দুই নন।”

ভাগবত বলেন, “আপনি যদি নিজেকে হিন্দু বলে মনে করেন, তাহলে বিশ্বাস করতে হবে-সব পথ এক জায়গায় গিয়ে মেশে। প্রত্যেক মানুষের নিজস্ব আত্মমর্যাদা রয়েছে। মানুষে মানুষে কোনও বিভেদ নেই।”

তাঁর কথায়, পৃথিবীতে বহু ধর্ম রয়েছে এবং প্রত্যেক ধর্মের নিজস্ব আচার, অনুশাসন ও উপাসনার পদ্ধতি রয়েছে। নির্দিষ্ট ধর্মীয় পথে চলতে গেলে সেই নিয়ম মেনে চলা প্রয়োজন। কিন্তু অন্যের ধর্মের অস্তিত্ব অস্বীকার করা হিন্দুত্বের ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।তাঁর বক্তব্য অনুযায়ী, হিন্দুত্ব কাউকে ধর্মের ভিত্তিতে দেশ থেকে বাদ দেওয়ার কথা বলে না। বরং সকলকে সঙ্গে নিয়ে চলাই ভারতীয় ভাবনার অন্যতম বৈশিষ্ট্য।ধর্মীয় সহিষ্ণুতা নিয়েও বক্তব্য রাখেন আরএসএস প্রধান। তিনি বলেন, নিজেকে হিন্দু বলতে হলে বিশ্বাস করতে হবে যে ঈশ্বরের কাছে পৌঁছনোর পথ একাধিক এবং বিভিন্ন পথ শেষ পর্যন্ত একই সত্যের দিকে নিয়ে যায়।

মোহন ভাগবতের নিউ ইয়র্ক সফর ও এই অনুষ্ঠান ঘিরে আগে থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি অনুষ্ঠানটি বাতিল করার দাবি জানিয়েছিলেন বলে জানা গেছে। অন্যদিকে, আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশনের (USCIRF) কমিশনার ড. আসিফ মাহমুদও আরএসএস-এর বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে অভিযোগ তুলেছিলেন।

Exit mobile version