উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে জোটের আলোচনা সফল না হওয়ায় এবার দলিত নেতা চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টির সঙ্গে জোট বাঁধছেন আসাদউদ্দিন ওয়েইসি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা হওয়ার কথা। রাজনৈতিক মহলের মতে, দলিত ও মুসলিম ভোটারদের এক ছাতার তলায় আনাই এই জোটের মূল লক্ষ্য। পাশাপাশি আগামী দিনে আরও কয়েকটি ছোট দলকে জোটে শামিল করার পরিকল্পনা রয়েছে ওয়েইসিদের।
ওয়েইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নিজেদের মুসলিমদের রাজনৈতিক প্রতিনিধি হিসেবে তুলে ধরে। গত কয়েক মাসে উত্তরপ্রদেশে দলের সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছেন হায়দরাবাদের সাংসদ। বিশেষ করে মুসলিম-অধ্যুষিত এলাকায় সংগঠন মজবুত করার চেষ্টা চালাচ্ছে দলটি। অন্যদিকে, চন্দ্রশেখর আজাদের নেতৃত্বাধীন আজাদ সমাজ পার্টিও দলিতদের রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবি তুলে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
উত্তরপ্রদেশের রাজনীতিতে বহুজন সমাজ পার্টির প্রভাব কিছুটা কমার প্রেক্ষাপটে আজাদ সমাজ পার্টির গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে। রাজ্যের জনসংখ্যার প্রায় ২০ শতাংশ মুসলিম এবং প্রায় ২১ শতাংশ দলিত। এই দুই সম্প্রদায়ের ভোটকে এক জায়গায় আনতে পারলে নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলা সম্ভব বলে মনে করছে জোটের শরিকরা। যদিও কোন দল কতগুলি আসনে লড়বে, তা এখনও চূড়ান্ত হয়নি।
নতুন এই জোট সমাজবাদী পার্টি, কংগ্রেস ও বহুজন সমাজ পার্টির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশের মুসলিম ভোটের বড় অংশ এসপি , বসপা ও কংগ্রেসের সমর্থনে রয়েছে। অন্যদিকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলিত ভোটারদের একটি অংশ সমাজবাদী পার্টি-কংগ্রেস জোটের পাশে দাঁড়িয়েছিল। ফলে ওয়েইসি ও চন্দ্রশেখরের জোট এই দুই ভোটব্যাঙ্কের একাংশকে নিজেদের দিকে টানতে পারলে তার প্রভাব পড়তে পারে অখিলেশ যাদবের রাজনৈতিক সমীকরণে।
এদিকে, বিধানসভা নির্বাচনের আগে ব্রাহ্মণ ও অন্যান্য স্ববর্ণ ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন অখিলেশ।
এআইএমআইএমের তরফে জানানো হয়েছে, প্রথমে অখিলেশ যাদবের সঙ্গে জোটের চেষ্টা করা হয়েছিল। এমনকি মায়াবতীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল বলে দাবি দলের। কিন্তু তাঁরা রাজি না হওয়ায় আজাদ সমাজ পার্টির সঙ্গে জোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এআইএমআইএমের উত্তরপ্রদেশ রাজ্য সভাপতি শওকত আলি বলেন, “আমরাও চেয়েছিলাম উত্তরপ্রদেশে একটি শক্তিশালী জোট তৈরি হোক। আমরা অখিলেশ যাদবের কাছে গিয়েছিলাম, মায়াবতীর কাছেও গিয়েছিলাম। কিন্তু তাঁরা রাজি না হওয়ায় আজাদ সমাজ পার্টির সঙ্গে জোট গড়ছি। উত্তরপ্রদেশে বিজেপির আমলে মুসলিমরা সবচেয়ে বেশি নিপীড়িত। তাঁদের আমরা বিকল্প দিতে চাই। জানি না, অখিলেশ কোন মূর্খের স্বর্গে বাস করছেন। তিনি তো সেই ২০১৭ সালের জোটেই পড়ে রয়েছেন। ফলাফলও ২০১৭ সালের মতোই হবে।”




