কলকাতা পুরভোটে স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় ভোটের নির্ঘণ্ট প্রকাশের উপর হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে মামলাটির শুনানি হতে পারে। অন্যদিকে, কলকাতার পর এবার হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।

গত ৬ নভেম্বর কলকাতা পুরসভার ভোট ঘোষণা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার নির্দেশ দেয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ করা যাবে না। চলতি মাসের শেষ সপ্তাহে সিঙ্গল বেঞ্চে মূল মামলার শুনানি হওয়ার কথা। তার আগেই ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য।

উল্লেখ্য, কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। গত ১১ সেপ্টেম্বর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন সিপিএম নেত্রী দীপু দাস। তাঁর অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি, পুনর্বিন্যাসের প্রক্রিয়া আইন মেনে হয়নি এবং ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করার বৈধ ক্ষমতা পুর কমিশনারের নেই বলেও দাবি করেন মামলাকারী।

প্রথমে সিঙ্গল বেঞ্চ ভোট ঘোষণা স্থগিত রাখতে রাজি হয়নি। এরপর গত ৪ নভেম্বর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন দীপু দাস। তাঁর দায়ের করা মামলাতেই ৬ নভেম্বর ভোটের নির্ঘণ্ট প্রকাশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। এবার সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাল রাজ্য সরকার।

Exit mobile version