ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে ফের আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এবার কেরলের কোচিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি। আগামী শনিবার, ৭ নভেম্বর কোচির রাজেন্দ্র ময়দানে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন সিজেপি প্রধান অভিজিৎ দিপকে। তবে দলের পরিচিত দুই মুখ সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এই কর্মসূচিতে অংশ নেবেন না।
বৃহস্পতিবার সমাজমাধ্যমে কর্মসূচির কথা ঘোষণা করে সিজেপি এর নাম দিয়েছে ‘কোচিতে যন্তরমন্তর’। দলের তরফে জানানো হয়েছে, শনিবার বিকেল ৪টেয় এই বিক্ষোভ শুরু হবে। কর্মসূচিতে দিপকে ছাড়াও উপস্থিত থাকবেন দলের সাউথ জোনের প্রধান বিজয় মাল্লাঙ্গি এবং ন্যাশনাল সেক্রেটারি আফরিন নওয়াজ।
এর আগে গত মাসে এসআইআর বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিলেন সিজেপি নেতারা। কিন্তু মুম্বই থেকে তাঁদের বিমান দিল্লিতে পৌঁছতেই পুলিশ অভিজিৎ দিপকে-সহ তিন নেতাকে গ্রেফতার করে। পরে শান্তি ভঙ্গ না করার শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়।
এর কয়েক দিন পর সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জাতীয় পতাকা হাতে লোহার গেট টপকে যন্তরমন্তরে প্রবেশ করেন। তাঁদের গ্রেফতার করে তিহাড় জেলে পাঠানো হয়েছিল। বর্তমানে দু’জনেই জামিনে মুক্ত। ওই ঘটনার পর এই প্রথম বড় কোনও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল সিজেপি।
সম্প্রতি দিল্লির রামলীলা ময়দানে এসআইআর বাতিল এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের আয়োজন করেছিল কংগ্রেসের নেতৃত্বাধীন বিজেপিবিরোধী জোট। ছাত্র সংগঠনগুলিও তাতে যোগ দেয়। তবে সেই কর্মসূচি থেকে দূরত্ব বজায় রেখেছিল সিজেপি। অভিজিৎ দিপকে জানিয়েছিলেন, আন্দোলনকে সমর্থন করলেও সরাসরি যোগ দেবেন না। তাঁর দাবি ছিল, এতে দলের নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। এবার সেই সিজেপিই কোচিতে নতুন কর্মসূচির ডাক দিল।




