পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেলেন আরও ৭ লক্ষ উপভোক্তা। রাজ্য সরকারের তরফে তাঁদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে মোট ৪ হাজার ২০১ কোটি টাকা পাঠানো হয়েছে। শুক্রবার নবান্ন সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতীকীভাবে ১৮০ জন উপভোক্তার হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে প্রায় ১০ লক্ষ ২০ হাজার উপভোক্তাকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল। নতুন করে আরও ৭ লক্ষ মানুষকে এই তালিকায় যুক্ত করায় মোট উপভোক্তার সংখ্যা দাঁড়াল ১৭ লক্ষ ২০ হাজার। সব মিলিয়ে তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ হাজার ৩২৩ কোটি টাকা।
এদিন আবাস যোজনার উপভোক্তাদের তালিকা যাচাইয়ের প্রসঙ্গেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, তদন্ত ও যাচাইয়ের সময় ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার নামের সন্ধান পাওয়া গিয়েছে। পাশাপাশি ১২ হাজারেরও বেশি ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে এই প্রকল্পের টাকা পেয়েছেন। তাঁদের মধ্যে ইতিমধ্যেই প্রায় ১ হাজার জন টাকা ফেরত দিয়েছেন। বাকিদের আগামী ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করেন তিনি।
ভুয়ো উপভোক্তাদের নাম কীভাবে তালিকায় অন্তর্ভুক্ত হল, তার পিছনে সরকারি আধিকারিকদের কোনও যোগসাজশ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রয়োজনে এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করা হতে পারে। একইসঙ্গে ভবিষ্যতে যাতে প্রকৃত ও যোগ্য উপভোক্তারাই আবাস যোজনার সুবিধা পান, তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
এদিন আরও ৫৪ লক্ষ ৫৮ হাজার বাড়ির নতুন করে সমীক্ষা চালানোর কথাও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিদ্যুৎ ব্যবহারে ছাড় দেওয়ার মতো একাধিক উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
রাজ্য সরকারের দাবি, আবাস যোজনার মাধ্যমে গৃহহীন ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাকা বাড়ির স্বপ্ন পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রকল্পের সুবিধা যাতে কোনওভাবেই ভুয়ো বা অযোগ্য ব্যক্তিদের হাতে না পৌঁছয়, তা নিশ্চিত করতে এবার আরও কড়া পদক্ষেপের বার্তা দিল রাজ্য সরকার।
