বারুইপুরের রতনপুরে গিয়ে নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গের সেক্রেটারি শাদাব মাসুম, মানবাধিকার সংগঠন এপিসিআর পশ্চিমবঙ্গের সেক্রেটারি উমর আওয়াইস, হিউম্যান কেয়ার ট্রাস্টের মো. জাওয়েদ আলম, রফিকুল ইসলামী খান এবং বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।
প্রতিনিধিদল প্রথমে নির্যাতিতার মায়ের সঙ্গে দেখা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। পরে সূর্যপুরে গিয়ে তাঁরা ভুক্তভোগীর পিতার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর খোঁজখবর নেন এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এরপর প্রতিনিধিদল নির্যাতিতার কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
পরে ভুক্তভোগীর বাড়ির নিকট আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গের সেক্রেটারি শাদাব মাসুম। তিনি বলেন, এই নৃশংস ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করতে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং আইনসম্মত উপায়ে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে তিনি সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়া, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের গুজব বা উসকানিতে প্রভাবিত না হওয়ার আহ্বান জানান।
সবশেষে প্রতিনিধিদল পুলিশ প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।





