‘জনস্বার্থে বার্তা: ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় পোষ্ট হোয়াইট হাউসের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিরোধী ডেমোক্রেটিক পার্টির উল্লেখযোগ্য সাফল্যের পরও দেশের প্রশাসনিক ক্ষমতায় রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট করে বার্তা দিল হোয়াইট হাউস। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হোয়াইট হাউসের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, ‘জনস্বার্থে বার্তা: ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট।’

বার্তার সঙ্গে ওভাল অফিসের একটি ছবিও প্রকাশ করা হয়। সেখানে ট্রাম্পকে তাঁর ঐতিহ্যবাহী ‘রেজল্যুট ডেস্ক’-এর ওপর ঝুঁকে মনোযোগ দিয়ে কাজ করতে দেখা যায়। কংগ্রেসের নির্বাচনে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের সম্ভাবনার মধ্যেও প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রশাসনিক কর্তৃত্ব যে বহাল রয়েছে, সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশার চেয়ে ভালো ফলের পর প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি স্বীকার করেছেন, বিরোধী ডেমোক্র্যাটরা নির্বাচনে ‘ভালো করেছে’। তবে রিপাবলিকানদের ফলাফলের দায় নিজের কাঁধে নিতে রাজি হননি তিনি।

নির্বাচনে রিপাবলিকানদের প্রত্যাশিত ফল না হওয়ার প্রসঙ্গে প্রার্থীদের ব্যক্তিগত প্রচারের দিকে ইঙ্গিত করেন ট্রাম্প। তাঁর দাবি, ব্যালট পেপারে সরাসরি তাঁর নাম থাকলে নির্বাচনের ফলাফল সম্পূর্ণ ভিন্ন হতে পারত। সে ক্ষেত্রে রিপাবলিকান প্রার্থীরা আরও ভালো ফল করতেন বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version