মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে দলের তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারা একাধিক দাবি জানান।
সিজেপির প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে—জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা, তাঁকে কারা নির্দেশ দিয়েছিলেন তা প্রকাশ্যে আনা, এবং আসন্ন নির্বাচনগুলি স্থগিত রেখে এসআইআর প্রক্রিয়া বন্ধ করা। ২০২৫ সালের জানুয়ারির ভোটার তালিকা পুনর্বহাল এবং এসআইআর-এর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া খতিয়ে দেখতে নিরপেক্ষ কমিটি গঠনের দাবিও জানিয়েছে দলটি।
এছাড়া ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন এবং সেই প্রক্রিয়ায় নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিও তুলেছে সিজেপি।
সাংবাদিক বৈঠকে দীপকে জ্ঞানেশ কুমারের তীব্র সমালোচনা করে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ না করলে সারা দেশে প্রতিবাদ শুরু হবে। তাঁর দাবি, জ্ঞানেশ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি তদন্তমূলক প্রতিবেদনকে ঘিরে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিবেদনে দুই নির্বাচন কমিশনারের আপত্তির কথা উঠে এসেছে। যদিও কমিশনের দাবি, মতপার্থক্য থাকলেও সিদ্ধান্তগুলি ঐকমত্যের ভিত্তিতেই নেওয়া হয়েছে।




