যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফের জয়ী হলেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইলহান ওমর ও রশিদা তালিব। ইজরায়েলের অন্যতম পরিচিত সমালোচক হিসেবে পরিচিত এই দুই মুসলিম নেত্রী নতুন মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন।
মিনেসোটা অঙ্গরাজ্য থেকে জয় পেয়েছেন ইলহান ওমর। তাঁর এই জয়ের প্রায় তিন সপ্তাহ আগে অভিবাসন সংক্রান্ত নথি তদন্তের অংশ হিসেবে ফেডারেল এজেন্টরা তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওমর। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে নিশানা করার অভিযোগও তুলেছেন তিনি।
অন্যদিকে, মিশিগান থেকে পঞ্চমবারের জন্য কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন রশিদা তালিব। তিনি মার্কিন কংগ্রেসের প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত মহিলা সদস্য। ইলহান ওমর ও রশিদা তালিব দু’জনেই ইজরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সাহায্য বন্ধের দাবি জানিয়ে আসছেন। পাশাপাশি গাজায় ইজরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করেছেন তাঁরা। ইজরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও তুলেছেন দুই নেত্রী।
এদিকে, প্রতিনিধি পরিষদের ভোট গণনায় এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। প্রাপ্ত হিসাব অনুযায়ী, তারা ২০৬টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, রিপাবলিকানদের ঝুলিতে গিয়েছে ১১৯টি আসন। বাকি আসনগুলির ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।





