আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটি। রবিবার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর প্রচার করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএন–ও বিষয়টি জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, “ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।” প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলার ঘটনায় তিনি নিহত হন।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে খামেনির মৃত্যুর দাবি করেন। পরবর্তীতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তেহরানে হামলার জেরে খামেনি প্রাণ হারিয়েছেন।
এদিকে সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে রবিবার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। দেশজুড়ে শোকপালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা আন্তর্জাতিক মহলের।





