রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকে ধাক্কা গাড়ির; মৃত একই পরিবারের ৯ জন, আহত ৬

রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৯ জন। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। কোটা-উদয়পুর জাতীয় সড়কের শম্ভুপুরা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে প্রায় ২টো নাগাদ দ্রুতগতিতে আসা একটি ক্রুজার গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের মোট ১৫ জন সদস্য ছিলেন। তাঁরা রাজস্থানের খাটু শ্যামজির মন্দির দর্শন করে বাড়ি ফিরছিলেন।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গাড়ি চালানোর সময় চালকের চোখ লেগে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। মৃতদের নাম উষা বাই, সুশীলা, কৈলাস, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী ও মাধবী।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আহত ৬ জনের চিকিৎসা চলছে। ইতিমধ্যেই মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Exit mobile version