পুরসভা নির্বাচনে জয়ের দু’মাসের মধ্যেই রাজস্থানের গ্রামীণ এলাকায় বড় ধাক্কা খেল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে কার্যত ধরাশায়ী মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার দল। অন্যদিকে, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত কংগ্রেসের কাছে এই জয় রাজনৈতিকভাবে বড় অক্সিজেন জোগাল। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি—দুই ক্ষেত্রেই আসনসংখ্যার নিরিখে বিজেপিকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে গিয়েছে হাত শিবির।
শেষ পাওয়া ফলাফল অনুযায়ী, রাজ্যের ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২৬৯টিতে জয় পেয়েছে কংগ্রেস। সেখানে বিজেপির ঝুলিতে এসেছে মাত্র ৭৩টি আসন। নির্দল ও অন্যান্য দল পেয়েছে ৬০টি আসন। জেলা পরিষদের ফলাফলও বিজেপির জন্য যথেষ্ট উদ্বেগজনক। রাজ্যের ৩৭টি জেলা পরিষদের মধ্যে ২৫টিতে জয় পেয়েছে কংগ্রেস। বিজেপি জিতেছে মাত্র ৮টিতে। নির্দল ও অন্যান্যদের দখলে গিয়েছে ৩টি জেলা পরিষদ। একটি জেলা পরিষদের ফল এখনও প্রকাশিত হয়নি।
প্রকাশিত ফল অনুযায়ী, রাজ্যের ৩৭টি জেলা পরিষদের ৪৭৫টি আসন এবং ৪১৯টি পঞ্চায়েত সমিতির ৭,৫৪৩টি ওয়ার্ডের ফল ঘোষণা করা হয়েছে। বাকি ফলাফল ডিসেম্বর মাসে প্রকাশিত হওয়ার কথা। উল্লেখযোগ্যভাবে, গতবারের নির্বাচনে ২৯টি জেলা পরিষদের মধ্যে ১৬টিতে জয় পেয়েছিল বিজেপি। কংগ্রেস জিতেছিল ১০টিতে। বাকি তিনটি দখল করেছিল নির্দল ও অন্যান্যরা। ফলে এবারের ফলাফলে দুই দলের শক্তির সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নিজের জেলা ভরতপুরেও বিজেপির পরাজয় দলের অস্বস্তি আরও বাড়িয়েছে। ওয়ার্ডভিত্তিক ফলাফলও কংগ্রেসের পক্ষে গিয়েছে। পঞ্চায়েত সমিতির ওয়ার্ডে কংগ্রেস পেয়েছে ২,৯৯০টি আসন, সেখানে বিজেপির প্রাপ্তি ১,৭৯৫টি। জেলা পরিষদের ওয়ার্ডেও কংগ্রেস ১৪৩টি আসনে জয়ী হয়েছে। বিজেপি পেয়েছে মাত্র ৮৩টি আসন।
জয়পুর জেলাতেও ভালো ফল করেছে কংগ্রেস। জেলার ২২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪টিতে জয় পেয়েছে তারা। অন্যদিকে, চৌমুন ও শম্ভর লেক এলাকায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। সাঙ্গানেরে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আরএলপি।
রাজনৈতিক মহলের মতে, ২০২৮ সালের রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে এই ফল বিজেপির কাছে বড় সতর্কবার্তা। গত সেপ্টেম্বরের পুরসভা নির্বাচনে জয়ের পর বিজেপি নেতৃত্ব দাবি করেছিল, রাজ্যের মানুষ সরকারের পাশে রয়েছেন। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ফল সেই দাবিকে অনেকটাই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় দলের এই দুর্বলতা আগামী দিনে বিজেপির জন্য চিন্তার কারণ হতে পারে।
অন্যদিকে, কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল থাকা সত্ত্বেও এই ফল দলকে নতুন করে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করা হচ্ছে। জয়ের পর কংগ্রেস নেতা অশোক গেহলট বলেন, “এটা গ্রামের মানুষের রায়। কৃষক, যুবক ও মহিলারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন।”
তবে বিজেপি নেতৃত্ব এই ফলকে বিধানসভা নির্বাচনের সঙ্গে মেলাতে নারাজ। তাদের দাবি, পঞ্চায়েত নির্বাচন মূলত স্থানীয় সমস্যা ও ইস্যুকে কেন্দ্র করে হয়। তাই এই ফলের প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে পড়বে না। তবে গ্রামীণ ভোটারদের এই রায় যে রাজস্থানের রাজনীতিতে নতুন করে কংগ্রেসকে অক্সিজেন জোগাল, তা বলাই যায়।




