পশ্চিমাঞ্চলের স্বাস্থ্য পরিষেবায় নতুন পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ। দুর্গাপুরে ৫০০ শয্যাবিশিষ্ট ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবিষ্যতে হাসপাতালের শয্যা সংখ্যা আরও ৫০০ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাজ্যের চার জেলায় মেডিকেল কলেজ গড়ে তোলার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়, প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস, সুমনা সরকার-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
হাসপাতালটির নির্মাণকাজ আগামী ৩৬ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক তথা হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সত্যজিৎ বোস। তাঁর কথায়, প্রথম পর্যায়ে ৫০০ শয্যার হাসপাতাল তৈরি হবে। পরবর্তী সময়ে আরও ৫০০ শয্যা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সত্যজিৎ বোস বলেন, ২০০৮ সালে কলকাতার বাইরে বেসরকারি হাসপাতালের পরিকাঠামো খুবই সীমিত ছিল। সেই সময় থেকে তাঁদের পথচলা শুরু। দুর্গাপুরে ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার উদ্যোগকে তিনি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন। তাঁর দাবি, এই হাসপাতালে সবস্তরের মানুষ চিকিৎসা পরিষেবা পাবেন। পাশাপাশি হাসপাতালটি তৈরি হলে বহু মানুষের কর্মসংস্থানও হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপুরে এই হাসপাতাল গড়ে উঠলে পশ্চিমাঞ্চলের মানুষের ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বড় সুযোগ তৈরি হবে। প্রথম পর্যায়ে ৫০০ শয্যা থাকলেও পরবর্তী সময়ে আরও ৫০০ শয্যার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে দুর্গাপুর-সহ এই অঞ্চলকে আরও উন্নত ও সাজিয়ে তোলার উপর জোর দেন তিনি।
রাজ্যের পূর্বতন সরকারের স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আগে রাজ্যের বহু মানুষ উন্নত চিকিৎসার জন্য রাঁচি, জামশেদপুর ও ধানবাদে যেতে বাধ্য হতেন।
সরকারি হাসপাতালে রোগীদের খাবারের বরাদ্দ নিয়েও পূর্বতন সরকারের সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগের সরকার রোগীদের তিনবেলার খাবারের জন্য দৈনিক ৫৬ টাকা বরাদ্দ করত। ২০১৭ সালে শেষবার এই বরাদ্দ বাড়ানো হয়েছিল। অথচ সাংসদ, মন্ত্রী ও বিধায়কদের বেতন বাড়লেও রোগীদের খাবারের বরাদ্দ সেভাবে বাড়ানো হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বরাদ্দ দ্বিগুণ করেছে এবং এখন দৈনিক প্রায় ১১০ টাকা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, আগে স্বাস্থ্যসাথী প্রকল্পে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১,৭০০টি হাসপাতালে চিকিৎসার সুবিধা পাওয়া যেত। বর্তমানে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী হেলথ স্কিমের আওতায় ৩৮ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতালে পরিষেবা পাওয়ার সুযোগ রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, স্বাস্থ্য পরিষেবার পরিসর বাড়ানোই সরকারের পরিবর্তনের অন্যতম লক্ষ্য।
এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে ৪৬৭টি জনঔষধি কেন্দ্র চালু করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী মার্চ মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দুর্গাপুরে ক্যান্সার হাসপাতাল নির্মাণ, চার জেলায় মেডিকেল কলেজ স্থাপন এবং জনঔষধি কেন্দ্র সম্প্রসারণের ঘোষণাকে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরেছে রাজ্য সরকার।
