ভালো ফল করব ভেবেছিলাম, তবে রাজ্যে প্রথম হবো – সেটা কখনও ভাবিনি, বলছেনমাধ্যমিকে রাজ্যের প্রথম রায়গঞ্জের আদৃত সরকার!

মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রাজ্যজুড়ে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার। ৭০০-এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ৬৯৬, শতাংশের হিসেবে ৯৯.৪৩।

ফল প্রকাশের পর নিজের নাম মেধাতালিকার শীর্ষে দেখে আবেগে কেঁদে ফেলে আদৃত। তার কথায়, “ভাল করব ভেবেছিলাম, তবে রাজ্যে প্রথম হব—সেটা কখনও ভাবিনি। ফল দেখে চোখে জল এসে গিয়েছিল।”

আদৃতের এই সাফল্যের পেছনে রয়েছে নিয়মিত পড়াশোনা ও দৃঢ় আত্মবিশ্বাস। কোনও বাঁধাধরা রুটিন না মেনেই মন দিয়ে পড়েছে সে প্রতিদিন। আগামী দিনে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায় সে। লক্ষ্য—ডাক্তার হওয়া।

ভবিষ্যতের পরীক্ষার্থীদের জন্য আদৃতের বার্তা—“মন দিয়ে পড়ো, নিয়মিত পড়ো। নিজের ওপর বিশ্বাস রাখো।”

রায়গঞ্জ শহরের বীরনগর এলাকার বাসিন্দা আদৃত, তার বাবা অমিত কুমার সরকার একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং মা সীমা সরকার গৃহবধূ। পরিবার থেকে শুরু করে স্কুল, প্রতিবেশী ও গোটা উত্তরবঙ্গ আজ তার এই অসাধারণ সাফল্যে গর্বিত।

Exit mobile version