বাংলায় কথা বলার ‘অপরাধে’ বাংলাদেশি সন্দেহে চরম হেনস্তার শিকার হয়েছিলেন বীরভূমের সোনালি বিবি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই তাঁকে পরিবারের সদস্যদের সঙ্গে বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হয় এবং কারাবাস করতে হয়। দীর্ঘ আইনি লড়াই ও মানবিক টানাপোড়েনের পর অবশেষে তিনি বাংলায় ফিরে আসেন। সোমবার বীরভূমের মাটিতে পুত্রসন্তানের জন্ম দিলেন সোনালি।
রবিবার রাতে প্রসব যন্ত্রণা শুরু হলে তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে সোনালিকে শুভেচ্ছা জানান। জানা গেছে, তিনি হাসপাতালে গিয়ে সোনালি ও তাঁর সদ্যোজাতর সঙ্গে দেখা করতে পারেন।
উল্লেখ্য, কয়েক বছর আগে কাজের সন্ধানে দিল্লিতে গিয়ে বাংলা ভাষায় কথা বলার কারণে সোনালি ও তাঁর পরিবারকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। রাজ্য সভার সাংসদ বীরভূমের সামিরুল ইসলাম পরিবারটির পাশে দাঁড়ান। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সোনালি বিবি দেশে ফিরলেও এখনও তাঁর স্বামী ও পরিবারের কয়েকজন সদস্য বাংলাদেশে আটকে রয়েছেন। মামলা চলছে সুপ্রিমকোর্টেও।





