সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে যৌথ সমন্বয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
সৌদি সংবাদমাধ্যম ‘সৌদি গেজেট’-এর প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া নারীরা কোন দেশের নাগরিক, তা এখনও প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
সৌদি জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারের পর ছয় নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী বিচারিক পদক্ষেপের জন্য তাঁদের পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।
দেশের সামাজিক মূল্যবোধ রক্ষা, মানবপাচার প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালাচ্ছে সৌদি প্রশাসন। তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়েছে।
তবে গ্রেপ্তার হওয়া নারীদের পরিচয়, জাতীয়তা এবং তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এমনকী, এই ঘটনায় সম্ভাব্য শাস্তির বিষয়েও কোনও তথ্য জানানো হয়নি।


