এসআইআর-এ ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রঘুনাথগঞ্জে পথসভা ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটি।
বুধবার রঘুনাথগঞ্জে আয়োজিত এই কর্মসূচিতে প্রথমে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে দলের জেলা ও স্থানীয় স্তরের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা গণতান্ত্রিক অধিকার এবং ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষার দাবিতে সরব হন।
মিছিল শেষে অনুষ্ঠিত হয় একটি পথসভা। সেখানে বক্তারা বলেন, ভোটার তালিকা গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। যথাযথ যাচাই ও স্বচ্ছ প্রক্রিয়া ছাড়া কোনো যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে তাঁর ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থার ওপরও মানুষের আস্থায় প্রভাব পড়তে পারে। তাই SIR-এর গোটা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ করার দাবি জানান তাঁরা।
পথসভা থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। বক্তাদের বক্তব্য, নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রাখা অত্যন্ত জরুরি। নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের সংশয় বা অভিযোগ দেখা দিলে তার নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় সাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই প্রেক্ষাপটেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও তুলে ধরেন তাঁরা।
এরপর একটি প্রতিনিধিদল রঘুনাথগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন। যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকায় সুরক্ষিত রাখা, বাদ পড়া যোগ্য ভোটারদের নাম পুনর্বহাল করা এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার উত্তর মুর্শিদাবাদ জেলা কনভেনর মোঃ আসাদুল্লাহ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক এম. এ. হান্নান, সাহরিয়ার কবীর চৌধুরী, মোঃ আজিমুদ্দিন সেখ, মনিরুল ইসলাম, মুরসালিম শেখ, আহাদ শেখ-সহ জেলা ও স্থানীয় স্তরের অন্যান্য নেতৃবৃন্দ।





