পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ বলে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল ভারতের যুব ক্রিকেট দল। ওমানের মরুশহরে নাটকীয় এই জয়ের নায়ক মোহিত উলভা ও মানাল চৌহান। তাঁদের দুরন্ত ব্যাটিং এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতায় অসম্ভবকে সম্ভব করল লক্ষ্য রায়চন্দানির দল। পাকিস্তানের বিরুদ্ধে এই জয় শুধু প্রতিশোধের নয়, ভারতীয় যুব ক্রিকেটের ইতিহাসেও এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকল।
একসময় ভারতের জয় কার্যত অসম্ভব বলেই মনে হচ্ছিল। ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪২ ওভারের শেষে ভারতের স্কোর দাঁড়ায় ২৫২ রান। একে একে ফিরে গিয়েছেন অধিনায়ক লক্ষ্য রায়চন্দানি (৮০) এবং আর্যবীর সেওয়াগ (৫৮)। তখন জয়ের জন্য ৪৮ বলে প্রয়োজন ছিল আরও ৮৬ রান। হাতে মাত্র দুই উইকেট। এমন পরিস্থিতিতে ভারতীয় শিবিরে পরাজয়ের আশঙ্কা তৈরি হলেও হাল ছাড়েননি মানাল ও মোহিত।
সাত নম্বরে ব্যাট করতে নেমে মানাল চৌহান ৩২ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অন্যদিকে, দশ নম্বরে নেমে মোহিত উলভা ২৬ বলে অপরাজিত ৪৯ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। দু’জনে মিলে মাত্র ৩৫ বলে যোগ করেন গুরুত্বপূর্ণ ৫৭ রান। মানাল আউট হওয়ার পরও ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান।
এরপর এগারো নম্বরে ব্যাট করতে নামেন চিগুরুপতি ভেঙ্কট। দলের প্রথম সারির পেসার ঈশান সুদ ফিট থাকলে হয়তো তাঁর এই ম্যাচ খেলার সুযোগই হত না। কিন্তু শেষ পর্যন্ত মোহিতের সঙ্গে জুটি বেঁধে তিনিই হয়ে ওঠেন জয়ের অন্যতম কারিগর। শেষ উইকেটে দু’জনে মিলে মাত্র ১৬ বলে অবিচ্ছিন্ন ৩০ রান যোগ করেন।
ম্যাচের শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল তিন রান। গোটা মাঠে তখন টানটান উত্তেজনা। সেই পরিস্থিতিতে ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফের ফিল্ডারকে এড়িয়ে দুরন্ত শট খেলেন মোহিত। বল সীমানা পেরিয়ে যেতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। হতাশায় মাথা নত করতে হয় পাকিস্তানি খেলোয়াড়দের।
যুব একদিনের ক্রিকেটে এর আগে এত বড় রান তাড়া করে জয়ের নজির ছিল না ভারতের। মোহিত, মানালদের অবিশ্বাস্য লড়াইয়ে সেই ইতিহাসই নতুন করে লিখল ভারতীয় যুব দল।





