মানুষের প্রত্যক্ষ হস্তক্ষেপ থেকে বহু দূরে প্রশান্ত মহাসাগরের বুকে এখনও টিকে রয়েছে প্রায় অক্ষত সামুদ্রিক বাস্তুতন্ত্র। সম্প্রতি এমনই দুটি বিচ্ছিন্ন প্রবাল দ্বীপের সন্ধান ও গবেষণায় নতুন তথ্য উঠে এসেছে। দ্বীপ দুটি হল বাইকার ও বোকাক। মার্শাল দ্বীপপুঞ্জের অন্তর্গত এই দুই প্রবাল দ্বীপে এখনও বিপুল পরিমাণ সামুদ্রিক প্রাণী, হাঙর, সামুদ্রিক পাখি এবং স্থানীয় উদ্ভিদের অস্তিত্ব রয়েছে। বিজ্ঞানীদের মতে, পৃথিবীর ক্রমশ বিপন্ন হয়ে ওঠা সামুদ্রিক পরিবেশের মধ্যে এই দ্বীপ দুটি এক বিরল প্রাকৃতিক সম্পদ।
বর্তমানে সমুদ্র দূষণ, প্রবালের অবক্ষয়, সামুদ্রিক প্রাণীর বিলুপ্তি, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের অম্লতা বৃদ্ধির কারণে বিশ্বের সামুদ্রিক বাস্তুতন্ত্র মারাত্মক সংকটের মুখে। এমন পরিস্থিতিতে মানুষের প্রভাব তুলনামূলকভাবে কম পড়েছে, এমন সামুদ্রিক অঞ্চল খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা বাইকার ও বোকাক দ্বীপের জীববৈচিত্র্য ও পরিবেশগত বৈশিষ্ট্য তুলে ধরেছেন। গত বছর এই এলাকাগুলিকে জাতীয় সামুদ্রিক অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।
হাওয়াই বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক পরিবেশবিজ্ঞানী অ্যালান ফ্রিডল্যান্ডারের মতে, এই দুই দ্বীপ শুধু মার্শাল দ্বীপপুঞ্জের নয়, গোটা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। কয়েক শতাব্দী ধরে স্থানীয় জনগোষ্ঠী এই দ্বীপগুলির বিষয়ে জানলেও দুর্গম অবস্থানের কারণে মানুষের বসতি ও কার্যকলাপ থেকে অনেকটাই বিচ্ছিন্ন থেকেছে এগুলি। বাইকারের নিকটতম জনবসতি ১০০ কিলোমিটারেরও বেশি দূরে। অন্যদিকে, বোকাক অবস্থিত প্রায় ৪০০ কিলোমিটার দূরে।
২০২৩ সালে এই দুই এলাকায় গবেষণা অভিযান চালান ফ্রিডল্যান্ডার ও তাঁর সহযোগীরা। তাঁদের লক্ষ্য ছিল, মানুষের প্রত্যক্ষ প্রভাব তুলনামূলকভাবে কম থাকা সমুদ্রাঞ্চলে সামুদ্রিক প্রাণী, শিকারি মাছ, পাখির কলোনি এবং স্থানীয় উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক ও বাস্তুতন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা।
গবেষণায় ৩৮টি পরিবারের অন্তর্ভুক্ত ২৬৬ ধরনের রিফ ফিশ বা প্রবালপ্রাচীরের মাছের সন্ধান পাওয়া যায়। বোকাক দ্বীপে মাছের মোট বায়োমাস বা জীবভর তুলনামূলকভাবে বেশি ছিল। সমীক্ষায় বাইকারে ২৬.৮ শতাংশ এবং বোকাকে ৩৩.৯ শতাংশ হাঙরের উপস্থিতি নথিভুক্ত করেন বিজ্ঞানীরা।
এছাড়া সাবমেরিন ব্যবহার করে গভীর সমুদ্রের ১৩৮ ধরনের মাছের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে ১৪টি গোষ্ঠী মার্শাল দ্বীপপুঞ্জের জন্য নতুন রেকর্ড। ডিপ-সি ক্যামেরার সাহায্যে তুলনামূলক কম গভীরতায় বসবাসকারী আরও ৭৯ ধরনের মাছের সন্ধান মেলে। পাশাপাশি ১৭ প্রজাতির সামুদ্রিক পাখির অস্তিত্বও নথিভুক্ত করেছেন গবেষকেরা।
ফ্রিডল্যান্ডারের কথায়, এই দুই দ্বীপে প্রচুর সামুদ্রিক পাখির কলোনি, স্থানীয় উদ্ভিদ, কচ্ছপের ডিম পাড়ার সক্রিয় স্থান, বিপুল পরিমাণ প্রবালপ্রাচীরের মাছ এবং বড় আকারের শিকারি সামুদ্রিক প্রাণীর উপস্থিতি রয়েছে। সব মিলিয়ে এই অঞ্চল প্রশান্ত মহাসাগরের অন্যতম গুরুত্বপূর্ণ অক্ষত বাস্তুতন্ত্রের উদাহরণ।
তবে মানুষের প্রত্যক্ষ প্রভাব কম থাকলেও সম্পূর্ণ বিপদমুক্ত নয় এই দ্বীপ দুটি। ২০২৩ সালের গবেষণা অভিযানে বাইকার ও বোকাক উভয় স্থানেই পলিনেশীয় ইঁদুরের উপস্থিতি পাওয়া যায়। পাশাপাশি সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি, প্রবালের ব্লিচিং এবং অম্লতা বৃদ্ধির মতো বৈশ্বিক পরিবেশগত সংকটের প্রভাব থেকেও রেহাই নেই এই অঞ্চলগুলির।
বিজ্ঞানীদের মতে, এই দুই দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। কারণ, মানুষের হস্তক্ষেপ তুলনামূলকভাবে কম থাকা এমন সামুদ্রিক অঞ্চল ভবিষ্যতে সমুদ্রের স্বাভাবিক বাস্তুতন্ত্র বুঝতে এবং পরিবেশ সংরক্ষণের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সূত্র: সায়েন্স অ্যালার্ট


